IPL 2025: শ্রেয়সই আইপিএলে পাঞ্জাব কিংসের নেতৃত্বে, বড় ঘোষণা 'বিগ বস' থেকে
IPL 2025: আইপিএলের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণার ক্ষেত্রে চমক দিল পাঞ্জাব কিংস। শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করার কথা ঘোষণা হলো রিয়ালিটি শো বিগ বস থেকে।
আইপিএলে দিল্লিকে নেতৃত্ব দিলেও একবারও খেতাব জিততে পারেননি শ্রেয়স। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে গত বছর আইপিএল খেতাব জেতেন।

পাঞ্জাব কিংস বা পূর্বতন কিংস ইলেভেন পাঞ্জাব আজ অবধি আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার শ্রেয়সের উপরই আস্থা রাখল পাঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক দর দিয়ে শ্রেয়সকে কিনেছিল তারা। পাঞ্জাবের বর্তমান হেড কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে দিল্লিতে থাকাকালীন শ্রেয়সের জুটিও বেশ ভালোই ছিল।
রিয়ালিটি শো-র মঞ্চে পাঞ্জাব কিংসের তরফে হাজির ছিলেন শ্রেয়স আইয়ার, যুজবেন্দ্র চাহাল ও শশাঙ্ক সিং। শ্রেয়স বলেছেন, পাঞ্জাব কিংস আমার উপর ভরসা রাখায় আমি সম্মানিত। রিকি পন্টিংয়ের সঙ্গে ফের কাজ করতে মুখিয়ে রয়েছি।
অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল ঘটিয়ে পাঞ্জাব কিংস এবার যে দল গড়েছে তা দেখে আত্মবিশ্বাসী শ্রেয়স। পাঞ্জাব কিংসকে প্রথমবার আইপিএল খেতাব জিতেয়ে আস্থার মর্যাদা দিতে মুখিয়ে রয়েছেন শ্রেয়স। শ্রেয়সের ক্রিকেট মস্তিষ্কের প্রশংসা করেছেন পন্টিংও। তিনি আশাবাদী, শ্রেয়স নেতৃত্বের ক্ষেত্রে পারদর্শিতার ধারা নতুন দলেও বজায় রাখতে পারবেন।
পন্টিংয়ের কথায়, আইপিএলে আমি আগেও শ্রেয়সের সঙ্গে কাজ উপভোগ করেছি। ফের তাঁর সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি। শ্রেয়সের লিডারশিপ ও দলের প্রতিভাবান ক্রিকেটারদের উপস্থিতিতে আমি আসন্ন মরশুম শুরুর জন্য অপেক্ষা করছি।
শ্রেয়স ২০২২ থেকে ২০২৪ অবধি কেকেআরের অধিনায়ক ছিলেন। তাঁকে ২৬.৭৫ কোটি টাকায় কিনেছে পাঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে তিনিই কিছুক্ষণের জন্য সবচেয়ে দামী ক্রিকেটার হয়েছিলেন। কিন্তু কিছু পরেই তাঁকে ছাপিয়ে যান ঋষভ পন্থ।
২০১৮ সালে আইপিএলের মাঝেই শ্রেয়সকে অধিনায়ক করেছিল দিল্লি ফ্র্যাঞ্চাইজি। টানা তিন মরশুম দিল্লি প্লে-অফ খেলে। যার মধ্যে ২০২০ সালে আইপিএল ফাইনালেও যায়। শ্রেয়স সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইকে নেতৃত্ব দেন। টুর্নামেন্টে চতুর্থ সর্বাধিক রান সংগ্রহকারীও হন। ৩৪৫ রান করেছিলেন ৯ ইনিংসে, স্ট্রাইক রেট ১৮৮.৫২, গড় ৪৯। একটি শতরানও পান।












Click it and Unblock the Notifications