IPL 2025: শ্রেয়সের মত জেনেই বৈঠকে বসছেন নাইট কর্তারা, আইপিএল রিটেনশনে কেকেআরের তালিকায় ডার্ক হর্স কারা?
IPL 2025: আইপিএলে কোন ক্রিকেটারকে কীভাবে ধরে রাখা হবে তা কাল কিংবা বুধবারের মধ্যে চূড়ান্ত করে ফেলবে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার অবধি ডেডলাইন রয়েছে।
আইপিএল চ্যাম্পিয়নরা কাদের ধরে রাখবে তা নিয়ে জল্পনা চলছেই। এমনকী প্রতিদিনই বদলাচ্ছে পরিস্থিতি।আইপিএলের রিটেনশন তালিকা অনুযায়ী ৬ জন প্লেয়ার ধরে রাখা যাবে। সরাসরি রিটেনশন। কিংবা রিটেনশন ও রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে।

বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গিয়েছিল আন্দ্রে রাসেলকে প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবে ধরে রাখতে চলেছে। সেই সম্ভাবনা এখনই খারিজ করা হচ্ছে না। যদিও কেকেআর সূত্রে খবর, এখনও নাইট কর্ণধাররা শ্রেয়স আইয়ারকেই প্রথম পছন্দের হিসেবে ধরে রাখতে চান। সমস্যা শ্রেয়সের তরফেই।
কেকেআরের ফ্যান পেজে জনৈক সাংবাদিকের দাবি, শ্রেয়স আইয়ারকে ইতিমধ্যেই নিতে চেয়ে লোভনীয় প্রস্তাব দিয়েছে একাধিক ফ্র্যাঞ্চইজি। তারা কারা তা স্পষ্ট নয়। তবে দিল্লি ক্য়াপিটালস বা পাঞ্জাব কিংসের মতো দলগুলির যেখানে নতুন অধিনায়ক চাই, ফলে তারাও এই তালিকায় থাকতে পারে।
শ্রেয়স যেমন দিল্লি ক্যাপিটালসকে আইপিএল ফাইনালে তুলেছিলেন অধিনায়ক হিসেবে, তেমনই দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন হেড কোচ রিকি পন্টিং এখন পাঞ্জাব কিংসে রয়েছেন। সে কারণে শ্রেয়সকে নিতে ঝাঁপাতে পারে তারা। এই পরিস্থিতিতে শ্রেয়স নিজেও আইপিএল নিলামে যেতে চাইবেন।
জানা গিয়েছে, চূড়ান্ত বৈঠকে বসার আগে কেকেআরের কর্ণধাররা শেষবার শ্রেয়সের মতামত জেনে নিতে চাইবেন। ক্রিকেট বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকার হর্ষ ভোগলে মনে করেন, শ্রেয়স আইয়ারের পাশাপাশি সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী এবং আনক্যাপড হর্ষিত রানাকে রাখা উচিত কেকেআরের।
যদিও ফিল সল্টকে ধরে রাখার ব্যাপারে চিন্তাভাবনা চলছে। তবে রাসেল ও নারিনকে ধরে রাখা গেলে সল্ট হাতছাড়া হবেন কেকেআরের। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার মিচেল স্টার্ককে কেকেআর ধরে রাখবে না বলেও জানা যাচ্ছে।
রামনদীপ সিং ব্যাটে-বলে কার্যকরী হতে পারেন। দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলে সুযোগও পেয়েছেন। রামনদীপ চলতি বছর আইপিএলে ১৫ ম্যাচে ১২৫ রান করেছেন। স্ট্রাইক রেট ছিল ২০১.৬১। এ ছাড়া ২০২২ সালের আইপিএলে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বল হাতে ৬ উইকেট নিয়েছিলেন। কেকেআরে অবশ্য তিনি চার বলের বেশি করেননি। রামনদীপের সঙ্গে বেঙ্কটেশ আইয়ারের নাম নিয়েও বিবেচনা চলছে। নীতীশ রানাকেও ধরে রাখা হবে না বলেই খবর।












Click it and Unblock the Notifications