IPL 2025: শার্দুল ঠাকুর কি আইপিএলে খেলবেন? ময়াঙ্কের পরিবর্তে মুম্বইয়ের অলরাউন্ডারকে নিতে পারে লখনউ
IPL 2025: আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন। সেই শার্দুল ঠাকুর এবার আইপিএলে খেলবেন কিনা তা নিয়ে জোরালো হলো জল্পনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শার্দুলের ছবি।
লখনউ সুপার জায়ান্টসের জার্সি পরে শার্দুলকে বল করতে দেখা গিয়েছে। ঋষভ পন্থের নেতৃত্বাধীন দলের প্র্যাকটিসে।

লখনউ সুপার জায়ান্টস পেসারদের ফিটনেস নিয়ে চিন্তায়। আবেশ খান, মহসীন খান ও ময়াঙ্ক যাদব এখনও আইপিএল খেলার ছাড়পত্র পাননি। তবে এঁদের মধ্যে দুজনকে নিয়ে সমস্যা নেই বলেই বিসিসিআই সূত্রে জানা গিয়েছে।
মাইখেলের প্রতিবেদনে আবার চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। ময়াঙ্ক এপ্রিলের মাঝামাঝি সময়ের আগে ১০০ শতাংশ ফিট হতে পারবেন না বলে জানা যাচ্ছে। ১১ কোটি টাকার এই পেসারকে আইপিএলের প্রথমার্ধে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
ওই প্রতিবেদনে উল্লেখ, ময়াঙ্ককে আনফিট ঘোষণার জন্য লখনউ সুপার জায়ান্টসের এক কর্তা নাকি এনসিএ-র কাছে আর্জি জানিয়েছেন। এই প্রথম এমন ধরনের আর্জির কথা জানতে পেরে সকলেই অবাক। যদিও লখনউ সুপার জায়ান্টসের আরেক কর্তা এমন খবরের সত্যতা স্বীকার করেননি।
বিসিসিআই সূত্রের মতে, গত বছর নভেম্বর থেকেই চোট সমস্যায় জর্জরিত ময়াঙ্ক। ঘরোয়া ক্রিকেট তেমন খেলেননি বললেই চলে। ফলে তাঁকে নিলাম থেকে নেওয়ার সময় অনেক বেশি ভাবনাচিন্তা করা জরুরি ছিল লখনউয়ের। দলের ডিরেক্টর অব ক্রিকেট জাহির খান যদিও জানান, ময়াঙ্ক শুধু লখনউয়ের নন, ভারতীয় ক্রিকেটে তাঁর গুরুত্ব রয়েছে। তাঁর ফিটনেসের বিষয়ে এনসিএ-র সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
Shardul Thakur 👀
— Abin (@futbol_cricket) March 15, 2025
What's going on !!?#LSG
This kind of a post for just a Net bowler, I don't think so... pic.twitter.com/O45agkBcus
এই আবহে লখনউয়ের অনুশীলনে শার্দুলের উপস্থিতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। যদি ময়াঙ্ক বা কেউ ছিটকে যান তাঁর পরিবর্তে শার্দুলকে নিতে বাধা থাকবে না লখনউয়ের। শার্দুল আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব, রাইজিং পুণে সুপারজায়ান্ট, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাই়ডার্সের হয়ে ৯৫টি ম্যাচ খেলেছেন।
২০২৩ সালে কেকেআর ও ২০২৪ সালে শার্দুল ছিলেন চেন্নাই সুপার কিংসে। আইপিএলে তাঁর ৯৪টি উইকেট রয়েছে, ৩০৭ রান করেছেন। রঞ্জি ট্রফিতেও শার্দুল মুম্বইয়ের জার্সিতে ব্যাটে-বলে অবদান রেখেছেন। জাতীয় দলে আপাতত ব্রাত্য থাকলেও ঘরোয়া ক্রিকেটে শার্দুলের সাফল্য তাঁর আইপিএল খেলার সম্ভাবনা উজ্জ্বল করছে। বাকিটা স্পষ্ট হবে দিন কয়েকের মধ্যেই।












Click it and Unblock the Notifications