IPL 2025: গুজরাত টাইটান্স থেকে ছাঁটাই হচ্ছেন বাংলার ২ ক্রিকেটার! সম্ভাব্য রিটেনশন তালিকায় কাদের নাম?
IPL 2025: আইপিএলের নিলামের আগে রিটেনশন তালিকায় বাংলার ক্রিকেটারদের ব্রাত্য থাকার সম্ভাবনাই প্রবল। একমাত্র অভিষেক পোড়েলকে ধরে রাখতে পারে দিল্লি ক্যাপিটালস।
তাছাড়া সব ক্রিকেটারকেই নিলামের উপর ভরসা করতে হতে পারে। গুজরাত টাইটান্সও ছেড়ে দিতে চলেছে মহম্মদ শামি ও ঋদ্ধিমান সাহাকে। সংবাদসংস্থা পিটিআইয়ের তেমনই দাবি।

মহম্মদ শামি ও ঋদ্ধিমান সাহা ২০২২ থেকে গুজরাত টাইটান্সে খেলছিলেন। গত বছর বিশ্বকাপের পর শামি আর মাঠে নামেননি। গোড়ালিতে অস্ত্রোপচার করানোয় খেলতে পারেননি আইপিএলেও। তবে ঋদ্ধি তিনটি মরশুম ধরেই গুজরাত টাইটান্সের হয়ে খেলেছেন।
২০২২ সালে আবির্ভাবেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। শামি সেবার ১৬ ম্যাচে ২০ উইকেট নেন। ২০২৩ সালের আইপিএলে তিনি ১৭ ম্যাচে ২৮ উইকেট নিয়েছিলেন। ২০২৩ সালের আইপিএলে গুজরাত টাইটান্স রানার-আপ হয়েছিল।
ঋদ্ধিমান ২০২২ সালে গুজরাত টাইটান্সের হয়ে ১১ ম্য়াচে ৩১৭ রান করেন। গত বছরের আইপিএলে ১৭ ম্যাচে ৩৭১ রান আসে ঋদ্ধির ব্যাট থেকে। চলতি বছরের আইপিএলে ঋদ্ধিমান ৯টি ম্যাচ খেলেছেন। ১৩৬ রান করেছিলেন। তবে বিগত তিন বছরে তাঁর পারফরম্যান্সের নিরিখে ব্যাটিং গড় ও স্ট্রাইক রেট ছিল সবচেয়ে খারাপ।
গুজরাত টাইটান্সের সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানাচ্ছে, শুভমান গিল, রশিদ খান ও সাই সুদর্শনকে ধরে রাখতে চলেছে গুজরাত টাইটান্স। আনক্যাপড, কিন্তু বড় শট খেলতে পারদর্শী রাহুল তেওয়াটিয়া ও শাহরুখ খানকেও ধরে রাখা হতে পারে।
চলতি বছরের আইপিএলে গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দেন শুভমান গিল। ১০ দলের মধ্যে অষ্টম স্থানে শেষ করেছিল তারা। গিলই ফের নেতৃত্ব দেবেন। রশিদ খান ২০২২ থেকে ২০২৪ অবধি গুজরাত টাইটান্সের হয়ে যথাক্রমে ১৯, ২৭ ও ১০টি উইকেট নেন। চলতি বছর রশিদ আইপিএলে ১২টি ম্যাচ খেলেন। তাঁর নাম থাকছে রিটেনশন তালিকায়।
সাই সুদর্শন বিগত তিন বছরে গুজরাত টাইটান্সের হয়ে ৫, ৮ ও ১২টি ম্যাচ খেলে যথাক্রমে ১৪৫, ৩৬২ ও ৫২৭ রান করেছেন। চলতি বছর সুদর্শন ১টি শতরান ও ১টি অর্ধশতরানও করেছেন। শাহরুখ খানের স্ট্রাইক রেট ছিল ১৬৯.৩৩। মারকুটে এই ব্যাটারকেও ধরে রাখতে পারে গুজরাত।
গত আইপিএলে ১৪৫-এর উপর স্ট্রাইক রেট ছিল রাহুল তেওয়াটিয়ার। বিশেষ করে শেষের দিকে নেমে ঝোড়ো ব্যাটিং করে তিনি ম্যাচের রং ঘোরাতে সিদ্ধহস্ত। সে কারণেই রিটেনশন লিস্টে তেওয়াটিয়ার জায়গা পাকা বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications