IPL 2025: টিম হোটেলে কেকেআরকে বার্তা শাহরুখের, উদ্বোধনী অনুষ্ঠানে কী কী করবেন কিং খান?
IPL 2025: আইপিএলের উদ্বোধনী ম্যাচ আজ ইডেনে। কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতকাল রাতেই কলকাতায় পৌঁছে গিয়েছেন শাহরুখ খান।
কেকেআর কর্ণধারের ইডেনে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের রিহার্সালে যোগ দেওয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। গতকাল সন্ধ্যা থেকে ঝিরঝিরে বৃষ্টি নামার কারণে।

শাহরুখ বাইপাসের ধারে হোটেলে পৌঁছেই ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে মিলিত হন। প্রত্যেককে আলিঙ্গন করেন কিং খান। সকলের উদ্দেশে বলেন, ঈশ্বর মঙ্গল করুন। সকলে সুস্থ থাকুন। চান্দু স্যর (চন্দ্রকান্ত পণ্ডিত)-কে ধন্যবাদ দলের সকলের খেয়াল রাখার জন্য। যাঁরা নতুন এসেছেন তাঁদের স্বাগত।
অধিনায়ক অজিঙ্ক রাহানেকেও শুভেচ্ছা জানান শাহরুখ। রাহানেকে তিনি বলেন, আমি আশা করি নতুন হোম আপনার ভালো লাগবে। সকলকে নিয়ে ভালো খেলতে হবে। প্রথমেই ভালো ম্যাচ রয়েছে। সকলে ভালো ও সুস্থ থাকুন। কেকেআর সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে লিখেছে, কিং খান কা প্যার, নাইটস কে নাম।
আজ বৃষ্টিতে উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ ভেস্তে যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। মাঝেমধ্যেই ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে কলকাতায়। জানা যাচ্ছে, ৬টা ১১ মিনিট নাগাদ শাহরুখ খান উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা শুরু করবেন। ৬টা ১৩ মিনিট থেকে শ্রেয়া ঘোষালের সংগীতানুষ্ঠান।
সাড়ে ৬টা থেকে পারফর্ম করবেন দিশা পাটানি। মিনিট চারেক পরেই উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন করণ আউজলা। তিনি থাকবেন মিনিট আটেক। এরপর ফের আরেকটি গানে পারফর্ম করবেন দিশা। পৌনে সাতটা নাগাদ একে একে ক্রিকেটারদের সঙ্গে আলাপচারিতায় মাতবেন শাহরুখ।
𝐊𝐢𝐧𝐠 𝐊𝐡𝐚𝐧 𝐤𝐚 𝐩𝐲𝐚𝐚𝐫, 𝐊𝐧𝐢𝐠𝐡𝐭𝐬 𝐤𝐞 𝐧𝐚𝐚𝐦 💜 pic.twitter.com/mx2EkNHLdT
— KolkataKnightRiders (@KKRiders) March 22, 2025
পরে বিসিসিআই কর্তা ও সেলেবদের মঞ্চে ডেকে সঞ্চালনা চালিয়ে যাবেন কিং খান। তারপর ডাকা হবে দুই দলের অধিনায়কদের। তারপর কেক কাটা হবে। ফানুস বা বেলুন ওড়ানোর পরিকল্পনা রয়েছে। হবে ড্রোন শো। অনুষ্ঠানের শেষ লগ্নে ট্রফির সঙ্গে বিসিসিআই কর্তা, ২ অধিনায়ক, অনুষ্ঠানে পারফর্ম করা শিল্পীদের নিয়ে গ্রুপ ফোটো তোলা হবে। সবশেষে আতসবাজির প্রদর্শনী। এই অনুষ্ঠান শেষ হলেই টস করবেন দুই দলের অধিনায়করা।












Click it and Unblock the Notifications