IPL 2025: আইপিএলে দুরন্ত জয় পেল গুজরাত টাইটান্স, মুম্বই ইন্ডিয়ান্সে যাওয়ার পর ফের আমেদাবাদে হার হার্দিকের
আইপিএলে এবারও খালি হাতেই আমেদাবাদ ফেরাল হার্দিক পাণ্ডিয়াকে। গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যাওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার হারতে হলো অধিনায়ক হার্দিককে।
চলতি আইপিএলে প্রথম জয় এদিনই পেল শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স। সূর্যকুমারের জায়গায় আজ হার্দিক ক্যাপ্টেন্সির ব্যাটন নিলেও দ্বিতীয় ম্যাচেও জয় অধরাই রইল মুম্বই ইন্ডিয়ান্সের। আমেদাবাদে গুজরাতের কাছে এটি তাদের চতুর্থ পরাজয়।

আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে গুজরাত টাইটান্স তোলে ১৯৬ রান। শেষ পাঁচ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৫৬ রান আসে।
খেলা যেভাবে চলছিল তাতে অন্তত ১০-১৫ রান কমেই গুজরাতকে বেঁধে ফেলে মুম্বই। ট্রেন্ট বোল্টও জানান, তাঁরা চাইছিলেন ২০০ রানের টার্গেট তাড়া করতে। ফলে তার চেয়ে কম রানেই থামে গুজরাত। সাই সুদর্শন করেন ৪১ বলে সর্বাধিক ৬৩। চারটি চার ও দুটি ছয়ের সাহায্যে।
অধিনায়ক শুভমান গিল ২৭ বলে ৩৮, জস বাটলার ২৪ বলে ৩৯, শেরফান রাদারফোর্ড ১১ বলে ১৮ রান করেন। রাদারফোর্ড চার মারেননি একটিও, ২টি ছয় মারেন। মুম্বই ইন্ডিয়ান্সের সফলতম বোলার হার্দিক পাণ্ডিয়া। ৪ ওভারে ২৯ রান খরচ করে ২টি উইকেট দখল করেন।
ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ৩৪, দীপক চাহার ৪ ওভারে ৩৯, মুজিব উর রহমান ২ ওভারে ২৮ ও সত্যনারায়ণ রাজু ৩ ওভারে ৪০ রান দিয়ে একটি করে উইকেট দখল করেন।
4, 4, 𝐖 💥#MohammedSiraj dismissed #RohitSharma for the first time in #T20s & what a way to do it!
— Star Sports (@StarSportsIndia) March 29, 2025
Watch the LIVE action ➡ https://t.co/VU1zRx9cWp #IPLonJioStar 👉 #GTvMI | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, & JioHotstar! pic.twitter.com/x2mnv2YWUI
জবাবে খেলতে নেমে রোহিত শর্মা শুরু করেন আগ্রাসী মেজাজেই। মহম্মদ সিরাজের প্রথম রান নিতে না পারলেও পরের দুটি বলে চার মারেন। এরপর চতুর্থ বলে সিরাজের স্ক্র্যাম্বলড সিম আঁচ করতে পারেননি। ইনকাটার ডেলিভারি সামলাতে উপযুক্ত ফুটওয়ার্ক দেখাতে পারেননি রোহিত। ক্লিন বোল্ড হয়ে যান।
রোহিত ৪ বলে ৮ রান করে আউট হন, তবে হিটম্যানের উইকেট নিয়ে উচ্ছ্বাস দেখাননি সিরাজ। রোহিতই চলতি আইপিএলে সিরাজের প্রথম উইকেট। যদিও রায়ান রিকেলটনকে (৯ বলে ৬) আউট করে সিইউ সেলিব্রেশনে মাতেন সিরাজ।
তিনে নামা তিলক বর্মাকে (৩৬ বলে ৩৯) সাজঘরে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণ। রবিন মিঞ্জ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে ৬ বলে ৩ রানের বেশি করতে পারেননি। এরই মধ্যে গুজরাত টাইটান্সের সাই সুদর্শন বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন। হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন, নাকি স্রেফ ক্র্যাম্প তা জানা যায়নি এখনও।
মুম্বই ইন্ডিয়ান্সের পরাজয় নিশ্চিত হয়ে যায় প্রসিদ্ধ কৃষ্ণর বলে বড় শট খেলতে গিয়ে সূর্যকুমার যাদব শুভমান গিলের হাতে ক্যাচ দিতেই। তার কিছু আগে প্রসিদ্ধর বল হেলমেটে লেগেছিল সূর্যর। দেখে মনে হচ্ছিল, তাঁর চোখে কোনও সমস্যা হচ্ছে। তবু ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন।
সূর্য একটি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৮ বলে ৪৮ করে আউট হলে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর দাঁড়ায় ১৬ ওভারে ৫ উইকেটে ১২০। ১৭তম ওভারের শেষ বলে হার্দিক পাণ্ডিয়াকে প্যাভিলিয়নে ফেরান কাগিসো রাবাডা। হার্দিক করেন ১৭ বলে ১১।
GAME 🔛
— Star Sports (@StarSportsIndia) March 29, 2025
Hardik Pandya ⚔ Sai Kishore - teammates then, rivals now! 👀🔥
Watch the LIVE action ➡ https://t.co/VU1zRx9cWp #IPLonJioStar 👉 #GTvMI | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, & JioHotstar pic.twitter.com/2p1SMHQdqc
মুম্বই ইন্ডিয়ান্স শেষ অবধি তুলল ৬ উইকেটে ১৬০ রান। প্রসিদ্ধ কৃষ্ণ ৪ ওভারে ১৮ ও মহম্মদ সিরাজ ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি করে উইকেট নেন। কাগিসো রাবাডা ৪ ওভারে ৪২ ও সাই কিশোর ৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে পেলেন ১টি করে উইকেট। ইশান্ত শর্মা ২ ওভারে ১৭, রশিদ খান ২ ওভারে ১০ রান দিয়ে উইকেট পাননি।












Click it and Unblock the Notifications