RR vs KKR, IPL 2025: কলকাতা-রাজস্থান দ্বৈরথে ব্যাটে-বলে জোড়া নজির নারিনের, কারা দেখিয়েছেন দাপট?
RR vs KKR, IPL 2025: আইপিএলে কাল গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। দুই দলই এবার তাদের প্রথম ম্যাচে হেরেছে।
দুই দলের শেষ দ্বৈরথটি গত বছর গুয়াহাটির বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। ফলে এই প্রথমবার অসমের রাজধানীতে নাইট আর রয়্যালদের দ্বৈরথ।

গত বছর ইডেনে কলকাতা নাইট রাইডার্স ৬ উইকেটে ২২৩ রান তুলেই রাজস্থান রয়্য়ালসকে হারাতে পারেনি। রয়্যালস ৮ উইকেটে ২২৪ রান তুলে ২ উইকেটে ম্য়াচ জিতে নেয়। পারস্পরিক দ্বৈরথে দলগত সর্বাধিক রানের নজির দুই দলই গড়ে এই ম্যাচে।
২০২৪ সালের ১৬ এপ্রিল সেই ম্যাচে কেকেআরের হয়ে ওপেন করতে নেমে সুনীল নারিন ৫৬ বলে ১০৯ রান করেছিলেন। নারিন ছাড়া কেকেআরের কেউ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে শতরান পাননি। রাজস্থান রয়্যালসের হয়ে কেকেআরের বিরুদ্ধে সর্বাধিক ২টি শতরান আছে জস বাটলারের।
গত বছর ইডেনে ইমপ্যাক্ট সাব হিসেবে নেমে ওপেন করেন বাটলার। কেকেআরের বিরুদ্ধে ৬০ বলে ১০৭ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন। নারিন এই ম্যাচে মেরেছিলেন ১৩টি চার ও ৬টি ছয়। বাটলার মারেন ৯টি চার ও ৬টি ছয়।
রাজস্থান রয়্যালসের হয়ে কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করার নজির রয়েছে সঞ্জু স্যামসনের দখলে। তিনি ১৬ ইনিংসে ৪০০ রান করেছেন নাইটদের বিরুদ্ধে। স্যামসনের পরেই রয়েছেন জস বাটলার। তিবি ১০ ইনিংসে করেছেন ৩৯৩ রান।
কলকাতা-রাজস্থান দ্বৈরথে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনে থাকা অজিঙ্ক রাহানে এখন কেকেআর অধিনায়ক। তিনি ১৩ ইনিংসে ৩৩৮ রান করেছেন।
কেকেআরের হয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সবচেয়ে বেশি ২টি করে অর্ধশতরান রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়, গৌতম গম্ভীর, ইয়ন মর্গ্যান ও দীনেশ কার্তিকের। রাজস্থান রয়্যালসের হয়ে কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে বেশি ২টি করে হাফ সেঞ্চুরির মালিক সঞ্জু স্যামসন।
কেকেআর ও রাজস্থান রয়্যালসের মধ্যে দ্বৈরথে সর্বাধিক উইকেট নিয়েছেন সুনীল নারিন। ১৯ ইনিংসে ১৪টি। কেকেআরের হয়ে শিবম মাভি ৮ ইনিংসে ১৩টি ও রাজস্থান রয়্যালসের হয়ে যুজবেন্দ্র চাহাল ৪ ইনিংসে ১০ উইকেট নিয়েছেন কলকাতা-রাজস্থান দ্বৈরথে।
রাজস্থানের বোলারদের মধ্যে কেকেআরের বিরুদ্ধে সেরা বোলিং ফিগার চাহালের। ২০২২ সালে তিনি ৪০ রানের বিনিময়ে নেন পাঁচ উইকেট। কেকেআরের হয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেরা বোলিংয়ের কীর্তি কুলদীপ যাদবের। ২০১৮ সালে ২০ রানের বিনিময়ে চার উইকেট।












Click it and Unblock the Notifications