IPL 2025: দলকে ম্যাচ জিতিয়েও শাস্তির মুখে পড়লেন রিয়ান পরাগ, দিতে হবে মোটা অঙ্কের জরিমানা
প্রথম দুটি ম্যাচ হারলেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় ফিরেছে রাজস্থান রয়্যালস। রবিবার গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ছয় রানে জয় পেল রাজস্থান। তবে এই ম্যাচে রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগের রণকৌশলের প্রশংসা দাবি রাখে। কারণ শেষ ওভারে যেভাবে সন্দীপ শর্মাকে দিয়ে বোলিং করিয়ে ম্যাচ জেতালেন সেটাই খেলার টার্নিং পয়েন্ট হয়ে গেল।
ঘরের মাঠে ম্যাচ জয়ের পরই দুঃসংবাদ পেলেন রাজস্থান রয়্যালস দলের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়ান পরাগ। দলকে জিতিয়েও শাস্তির মুখে পড়তে হল তাঁকে। সিএসকের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হল রাজস্থান রয়্যালস দলের অধিনায়ককে।

বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক রিয়ান পরাগ টাটা আইপিএলের ১১ তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য দোষী হয়েছেন। এটা চলতি মরশুমে প্রথমবার হল। ফলে আইপিএলের সংবিধানের ২.২২ ধারা অনুসারে রিয়ান পরাগকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এরপর এই অপরাধ ফের হলে শাস্তির আরও কঠোর হবে। ফলে আগামী ম্যাচগুলিতে সাবধানে থাকতে হবে রাজস্থান দলকে।
এর আগে গুজরাতের বিরুদ্ধে ম্যাচে একই শাস্তির কবলে পড়েছিলেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। এর আগে প্রথম ম্যাচে শাস্তির কারণে খেলতেও পারেনি পাণ্ডিয়া। যদিও এবার থেকে বিসিসিআই নিয়মের পরিবর্তন করেছে। স্লো ওভাররেটের জন্য আর নির্বাসনের মুখে পড়তে হবে না অধিনায়কদের। আইপিএল শুরুর আগে অধিনায়কদের সঙ্গে বৈঠকে স্লো ওভার রেটের অপরাধের জন্য অধিনায়কদের নির্বাসন থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এবার থেকে অধিনায়কদের এই অপরাধের জন্য ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে কিন্তু স্লো ওভার রেটের জন্য তাদের নির্বাসিত হতে হবে না। আগে এক মরশুমে তিনটি স্লো ওভার রেট হলেই এক ম্যাচ নির্বাসিত হতে হত অধিনায়কদের। এবার থেকে সেটা হবে না। তার পরিবর্তে আর্থিক জরিমানা হবে।
রাজস্থান প্রথম তিনটি ম্য়াচের জন্য রিয়ান পরাগকে অধিনায়ক করে। এখন দেখার সঞ্জু স্যামসন ফের অধিনায়কত্বের দায়িত্ব নেন কিনা। প্রথম দুই ম্য়াচে দলকে জেতাতে না পারলেও কঠিন সিএসকে ম্যাচে রাজস্থানকে জয় এনে দিয়েছেন পরাগ। ফলে তিনি যে নেতৃত্বেও দক্ষ সেটা প্রমাণ করেছেন। যদিও ব্যাট হাতে এখনও খুব একটা সফল হতে পারেননি রাজস্থানের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়ান পরাগ।












Click it and Unblock the Notifications