IPL 2025: সূচনা পর্বে রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক বদল, সঞ্জুর পরিবর্তে নেতৃত্ব দেবেন কে?
আইপিএলের শুরুতেই অধিনায়ক বদল রাজস্থান রয়্যালস দলের। আসন্ন মরশুমে রাজস্থান দলের ঘোষিত অধিনায়কের নাম সঞ্জু স্যামসন। কিন্তু আইপিএল শুরুর আগে থেকেই তাঁর চোট নিয়ে উদ্বেগ ছিল। প্রথম দিকের ম্যাচগুলি খেলতে পারবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন ছিল। অবশেষে আশঙ্কাই সত্যি হল। রাজস্থান রয়্যালস দলের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল প্রথম তিন ম্যাচে নেতৃত্ব দেবেন না সঞ্জু।
রাজস্থান রয়্যালস শিবির তাদের সোশ্যাল মিডিয়া পেজে প্রথম তিন ম্যাচের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে । প্রথম তিন ম্যাচে রাজস্থান দলকে নেতৃত্ব দেবেন রিয়ান পরাগ। এই প্রথম রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেবেন রিয়ান পরাগ। রাজস্থান দলের টিম মিটিংয়ে পরাগকে অধিনায়ক হিসাবে ঘোষণা করার ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

কয়েক মাস আগেই আঙুলে চোট পান সঞ্জু । আঙুলের অস্ত্রোপচার থেকে সেরে ওঠার পর চলতি সপ্তাহের শুরুতেই রাজস্থান দলে যোগ দেন সঞ্জু। ব্যাটিংয়ের ক্ষেত্রে সঞ্জুর কোনও সমস্যা না থাকলেও হাতের চোট নিয়ে উইকেটকিপিং করা এখনই সম্ভব নয় তাঁর পক্ষে।
আপাতত আইপিএলের প্রথম তিন ম্যাচে সঞ্জু খেলতে পারেন ব্যাটার হিসেবে, কিপিং শুধু নয় সম্ভবত করবেন না ফিল্ডিং। কারণ ক্য়াচ নিতে গিয়ে হাতে ফের চোট লাগতে পারে তাঁর। রাজস্থান দলে আছেন ধ্রুব জুরেল। তিনি প্রথম তিন ম্য়াচে কিপিং করতে পারেন। পরাগ বিগত কয়েক মরশুম ধরেই রাজস্থান দলের সদস্য। ঘরোয়া ক্রিকেটেও ভালো খেলছেন। ফলে তাঁর উপরই নেতৃত্বের ভার দিল রাজস্থান থিঙ্ক ট্যাঙ্ক।
আইপিএল শুরুর আগেই চোটের সমস্যা রাজস্থান শিবিরে। তবে কোন ক্রিকেটারকে নিয়ে নয়। স্বয়ং হেড কোচ রাহুল দ্রাবিড়কে নিয়ে। ভারতের টি২০ বিশ্বকাপ জয়ী কোচ দ্রাবিড়কে এবার দলে হেডস্যার হিসাবে নিযুক্ত করেছে রাজস্থান রয়্যালস। ভাঙা পা নিয়েই রাজস্থান রয়্যালস শিবিরে যোগ দিয়েছেন। মাঠে গিয়ে যশস্বী জয়সওয়ালদের ক্লাসও নিচ্ছেন। নিজের কর্তব্যে অবিচল থেকে দ্রাবিড় আরও একবার প্রমাণ করছেন কেন তিনি দ্য ওয়াল।
রাজস্থান রয়্যালসের ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী এবারের আইপিএলের মূল আকর্ষণ। কোটি ১০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। কিশোর এই ক্রিকেটারকে নিয়ে আগ্রহ তুঙ্গে। কিন্তু তাঁকে এখনই না খেলানোর আভাস দিয়েছেনব রাজস্থান কোচ। আরও কিছুদিন দেখার পরই কিশোর এই ক্রিকেটারকে আইপিএলে খেলাতে পারে রাজস্থান দল।












Click it and Unblock the Notifications