IPL 2025: নিলামে পন্থের দর চমকে দেবে? তারকা ক্রিকেটারকে নিয়ে কোন তিন দলের আগ্রহ বেশি?
আর্থিক বিষয়ে সহমত না হওয়ায় ঋষভ পন্থকে আইপিএল নিলামের আগে রিটেন করেনি দিল্লি ক্যাপিটালস। দিল্লি দলের এই সিদ্ধান্ত সত্যিই চমকে দেওয়ার মতোই। পন্থের মতো তারকা ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার ঝুঁকি কোন যুক্তিতে দিল্লি দল ছেড়ে দিল পন্থকে? সেটা নিয়েই প্রশ্ন উঠছে।
দিল্লি দল নিলামের তালিকায় পন্থের নাম সংযোজন করায় অন্য দলগুলি যে এই সুযোগ পুরো মাত্রায় কাজে লাগাবে তা বলাই বাহূল্য। নিলামে ঝড় উঠতে পারে পন্থকে নিয়ে। ভেঙে যেতে পারে অতীতের সব রেকর্ড। আইপিএলের এক কর্তাও আভাস দিয়েছেন রেকর্ড পরিমাণ দাম উঠতে পারে পন্থের জন্য।

২০১৬ সাল থেকে পন্থ দিল্লি দলের সদস্য। এরআগে দুই বার তাঁকে রিটেন করেছে এই ফ্র্যাঞ্চাইজি। এবার তাঁকে রিটেন করেননি। নিলামে পন্থকে ফেরানো কঠিন হবে দিল্লির কাছে। কারণ অন্তত তিনটি ফ্র্যাঞ্চাইজি নিলামে পন্থকে নিতে অল আউট ঝাঁপাতে পারে। একজন ফ্র্যাঞ্চাইজি কর্তাও আভাস দিয়েছেন এই বিষয়ে। সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন পন্থের আসল দর শুরু হবে ২০ কোটি টাকা থেকে।
তাঁর কথায়, 'পন্থের আসল নিলাম শুরু হবে ২০ কোটি টাকা থেকে। আইপিএলের তিনটি দল তাঁকে নেওয়ার জন্য মরিয়া থাকবে। পাঞ্জাব দলের কাছে ১১০ কোটি টাকা আছে। তাদের একজন অধিনায়ক প্রয়োজন। আরসিবির পার্সে ৮৩ কোটি এবং লখনউয়ের পার্সে ৬৯ কোটি আছে। এই দুই দলের উইকেটরক্ষক ও অধিনায়ক প্রয়োজন।'
এছাড়া তালিকায় আছে সিএসকে দলও। কারণ ধোনির বয়স। ৪৩ বছরের ধোনির হাঁটুতে চোট রয়েছে। গত দু'টি মরশুমমে সেই চোট নিয়েই খেলেছেন তিনি। আগামী মরশুমে সব ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। ফলে সিএসকে দলের একজন উইকেটরক্ষক প্রয়োজন। এক্ষেত্রে ধোনি পন্থকেই নিতে চাইবেন।
লখনউ দলকে প্রথমেই একজন অধিনায়কের খোঁজ করতে হবে। সেই সঙ্গে মিডল ওর্ডার ব্যাটার লাগবে, পাশাপাশি বিদেশি পেসারের দিকেও নজর থাকবে সঞ্জীব গোয়েঙ্কাদের। দিল্লি ক্যাপিটালস নিলামে পন্থকে না ফেরালে তাদের একজন প্রয়োজন হবে অধিনায়কের, পাশাপাশি পুরো মরশুম তরুণ অভিষেকের উপর ভরসা না করে তাদেরকেও খুঁজতে হবে একজন উইকেটরক্ষক। দৌড়ে আছে নাইট রাইডার্স। কারণ তাদের একজন কিপার ব্যাটার লাগবে।
সব মিলিয়ে নিলামে সবথেকে বেশি নজর থাকেব পন্থের দিকে। সব রেকর্ড তিনি ভেঙে দিয়ে সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না।












Click it and Unblock the Notifications