IPL 2025: ঋষভ পন্থ মধ্যরাতের পর করলেন চাঞ্চল্যকর পোস্ট, দুশ্চিন্তা বাড়তে পারে দিল্লি ক্যাপিটালসের
IPL 2025: ফের চর্চা দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থকে নিয়ে। দিল্লি ক্য়াপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, পন্থকে ধরে রাখা হবে। পন্থের সঙ্গে বৈঠক করেছেন দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল।
এই আবহে মধ্যরাতের পরই পন্থ এক্স হ্যান্ডলে চাঞ্চল্যকর পোস্ট করলেন। তাতে জল্পনা শুরু হয়েছে, তাহলে কি দিল্লি ক্যাপিটালসের প্রস্তাব পন্থ মানতে রাজি নন?

গাড়ি দুর্ঘটনার পর এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন। পন্থ কামব্যাক করেন চলতি বছর আইপিএলেই। সেই পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলেও প্রত্য়াবর্তন হয় পন্থের। আইপিএলে কোন দল কোন ক্রিকেটারদের ধরে রাখবে তা জানাতে হবে ৩১ অক্টোবরের মধ্যে।
সৌরভ জানিয়েছেন, দিল্লি ক্যাপিটালস রিটেনশনের ব্য়াপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। যদিও বেশ কয়েক মাস ধরেই সৌরভ বলে আসছেন, ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসেই থাকবেন। এমনকী পন্থের সঙ্গে পার্থ জিন্দালের কথায় তাঁর বেতন-বৃদ্ধি সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক নেটাগরিক দাবি করেছিলেন পন্থ নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কিন্তু বিরাট কোহলি তাঁকে চাইছেন না। ফলে পন্থ প্রত্যাখ্যাতই হয়েছেন। যদিও সেই দাবিকে ভুয়ো বলে পাল্টা দাবি করেছিলেন পন্থ।
এবার মধ্যরাতের পর পন্থ নিজেই একটি পোস্ট করে জল্পনা বাড়ালেন। রাত ১২টা ২৬ মিনিটে এক্স হ্যান্ডলে পন্থ লেখেন, আমি যদি আইপিএল নিলামে যাই, আমাকে কি কোনও দল নেবে, নাকি নেবে না? যদিও কোনও দল নেয় তাহলে কত পরিমাণ অর্থ পেতে পারি?
DC owners looking at this post pic.twitter.com/oI5vJ1CUZN
— Secular Chad (@SachabhartiyaRW) October 11, 2024
এখানেই প্রশ্ন, কেন এমন পোস্ট করলেন পন্থ? যদি দিল্লি ক্যাপিটালস তাঁকে ধরেই রাখে তাহলে নিলামের কথা আসছে কোথা থেকে? পন্থের এই পোস্ট দিল্লি ক্যাপিটালসের কর্তাদের বিচলিত করতে পারে বলেও দাবি অনেকের। এমন মতও আসছে যে, পন্থ নিছকই মজা করার জন্য আইপিএল নিলাম নিয়ে এই পোস্ট করেছেন। বাকি চিত্রটা স্পষ্ট হতে আর কয়েক দিনের অপেক্ষা।
উল্লেখ্য, আইপিএল দলগুলি সর্বাধিক ৬ ক্রিকেটারকে ধরে রাখতে পারে। রিটেনশনের পাশাপাশি রাইট টু ম্যাচ বিকল্পের মাধ্যমে। ভারতীয় ও বিদেশি মিলিয়ে সর্বাধিক ৫ জন ক্যাপড বা আন্তর্জাতিক খেলা ক্রিকেটারদের রাখা যেতে পারে। সর্বাধিক ২ আনক্যাপড প্লেয়ারকে রাখার বিকল্পও রয়েছে।












Click it and Unblock the Notifications