IPL 2025: ঋষভ পন্থ ভাগ্য পরীক্ষা করাতে পারেন আইপিএল নিলামেই, ঝাঁপাতে পারে তিন দল
IPL 2025: আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে কি আগামী মরশুমে খেলবেন ঋষভ পন্থ? পরিবর্তিত পরিস্থিতিতে সে কথা নিশ্চিতভাবে কেউই বলতে পারছেন না।
আইপিএলের দলের বিষয়ে আগামী দুই মরশুম যাবতীয় সিদ্ধান্ত নেবে জিএমআর গ্রুপ। নতুন হেড কোচ হিসেবে হেমাঙ্গ বাদানি ও আইপিএলের ডিরেক্টর অব ক্রিকেট করা হয়েছে বেণুগোপাল রাওকে।

সৌরভ গঙ্গোপাধ্যায় আবার ২ বছর পর আইপিএল দলেরও ডিরেক্টর অব ক্রিকেট হবেন। আপাতত তিনি পার্থ জিন্দালের জেএসডব্লিউ গ্রুপের ক্রিকেট বিষয়ক শীর্ষপদে আসীন হয়েছেন। আগামী দুই মরশুম সৌরভ বিশেষভাবে দেখবেন এসএ২০-র দল এবং মহিলা প্রিমিয়ার লিগের দিল্লি ক্যাপিটালস দলকে।
সৌরভ বারবারই জানাচ্ছিলেন পন্থ দিল্লি ক্যাপিটালসেই থাকবেন। যদিও নতুন ম্য়ানেজমেন্ট পন্থকে অধিনায়ক রাখতে চাইছে না বলেই দাবি করেছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। পন্থের সঙ্গে ক্যাপিটালস কর্তাদের কয়েক দফায় কথা হয়েছে। সূত্রের খবর, পন্থ খুশি নন।
২০১৬ সাল থেকে পন্থ দিল্লি দলের সঙ্গে যুক্ত। তবে শেষ মুহূর্তে মন না বদলালে পন্থ যে নিশ্চিতভাবেই আইপিএলের নিলামে ভাগ্য পরীক্ষা করাবেন তা একরকম নিশ্চিত। উল্লেখ্য, গত ১২ অক্টোবর পন্থ এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছিলেন। তাতে তিনি জানতে চেয়েছিলেন, আইপিএল নিলামে গেলে দল পাবেন কিনা, কিংবা কত দর উঠতে পারে।
এ ছাড়া জনৈক নেটাগরিক দাবি করেছিলেন, পন্থ আরসিবির সঙ্গে যোগাযোগ করছেন। কিন্তু বিরাট কোহলি তাঁকে চান না বলে আরসিবি পন্থের প্রস্তাবে পাত্তা দেয়নি। এই দাবিকে ভুয়ো খবর বলে পাল্টা দাবি করেছিলেন পন্থ। কিন্তু তাঁর আইপিএল নিলাম সংক্রান্ত পোস্ট যে সত্যির দিকে ধাবিত হবে, তার আঁচ মিলছিল না।
এমন জল্পনাও রয়েছে যে, অক্ষর প্যাটেলকে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক করতে পারে। ফলে যেহেতু পন্থকে প্রথম পছন্দের প্লেয়ার বা অধিনায়ক হিসেবে রাখতে নারাজ দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট, সে কারণেই পন্থ অন্য দলে খেলার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন। পন্থকে নিতে তিনটি দল আগ্রহ দেখাতে পারে বলে মনে করা হচ্ছে।
দীনেশ কার্তিকের অবসরের পর আরসিবির দরকার ভালো মানের উইকেটকিপার-ব্যাটার। সেই সঙ্গে ফাফ দু প্লেসিকে রাখতে নাও পারে আরসিবি। ফলে অধিনায়ক হিসেবে পন্থকে ভেবে দল সাজাতে পারে আরসিবি। তবে আরসিবির সঙ্গে দর কষাকষি হতে পারে আরও দুই দলের।
লখনউ সুপার জায়ান্টস লোকেশ রাহুলকে ছেড়ে দিচ্ছে বলেই খবর। ফলে পন্থের পাশাপাশি লোকাল বয় রাহুলকে নিতেও আগ্রহ দেখাতে পারে আরসিবি। এই পরিস্থিতিতে লখনউ সুপার জায়ান্টসও ঋষভ পন্থকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে। রিকি পন্টিংয়ের সঙ্গেও পন্থের ভালো সম্পর্ক দিল্লি দলে থাকার ফলে। পন্টিং এখন পাঞ্জাব কিংসের কোচ। তাদেরও নতুন অধিনায়ক দরকার। সে কারণে পন্টিংয়ের সঙ্গে পন্থের জুটি বাঁধার বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।












Click it and Unblock the Notifications