IPL 2025: ধোনির পরামর্শ মাথায় রেখে খেলেন রিঙ্কু, রাসেলকে দেখে রপ্ত করেন কোন রণকৌশল?
IPL 2025: আইপিএলে এবার সামগ্রিকভাবে নেট রান রেটে পতন ঘটেছে। টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধ চলছে। ফলে এবারও তিনশো রানের মাইলস্টোন কোনও দল স্পর্শ করতে পারবে বলে মনে করা হচ্ছে না।
আইপিএলে গত বছর সানরাইজার্স হায়দরাবাদ সর্বাধিক দলগত স্কোরের রেকর্ড গড়েছিল। আরসিবি ম্যাচে করে ৩ উইকেটে ২৮৭। এবার সানরাইজার্স ৬ উইকেটে ২৮৬ তোলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।

সানরাইজার্স এবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রান তুললেও পরের দিকে ব্যাটিং নিয়ে বিপাকেই পড়েছে। চলতি আইপিএলে কোনও দল তিনশো করবে বলে অনেকে আশা করেছিলেন। কিন্তু সেই প্রতীক্ষা আরও দীর্ঘায়িতই হতে চলেছে।
কেকেআরের তারকা ব্যাটার রিঙ্কু সিং মনে করেন, আইপিএলে যদি কোনও ৩০০ করে, তা অবাক করার মতো বিষয় হবে না। রিঙ্কুর মতে, যেভাবে বড় রান তাড়া করে দল জিতছে তাতেই স্পষ্ট টি২০ ক্রিকেটের কতটা বিবর্তন ঘটছে। আর তাতেই উজ্জ্বল হচ্ছে তিনশো তোলার সম্ভাবনা।
রিঙ্কু জিওস্টারকে বলেন, আইপিএল যে পর্যায়ে পৌঁছেছে তাতে তিনশো তোলা সম্ভব। গত বছরই পাঞ্জাব কিংস ২৬২ রানের টার্গেট তাড়া করে জিতেছিল। এবারও সব দল শক্তিশালী। যে কোনও দলই তিনশো করতে পারে।
রিঙ্কু এবারের আইপিএলে ৮ ম্যাচে ৭ ইনিংসে তিনবার অপরাজিত থেকে ১৩৩ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ৩৮। গড় ৩৩.২৫, স্ট্রাইক রেট ১৪৬.১৫। রিঙ্কু বলেন, আমি উত্তরপ্রদেশের হয়ে কিংবা আইপিএলে পাঁচ-ছয়ে ব্যাট করি। এই পজিশনে খেলতে স্বচ্ছন্দ বোধ করি। আমি ফিটনেসে জোর দিচ্ছি। আইপিএলে ১৪টি ম্যাচ খেলতেই হয়। ফলে আমার দায়িত্ব শরীর ঠিক রাখা এবং প্রতি ম্যাচের জন্য তৈরি থাকা।
নিজের ব্যাটিংয়ের সময় মহেন্দ্র সিং ধোনির পরামর্শ মাথায় রাখেন রিঙ্কু। তিনি বলেন, আমি মাহি ভাইয়ের সঙ্গে কথা বলি। তিনি বলেন, শান্ত থেকে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে। কম্পোজড থাকলে সব কিছু সঠিকভাবে চলে।
কেকেআরে আন্দ্রে রাসেলের থেকেও অনেক কিছু শিখেছেন রিঙ্কু। তিনি বলেন, আইপিএল খেলার শুরু থেকেই আমি শিখছি। রাসেলকে খুব কাছ থেকে দেখি। বিশেষ করে শেষের দিকে তিনি যেভাবে ব্য়াট করেন, যেভাবে নিজের শরীরকে কাজে লাগিয়ে ক্ষমতা বৃদ্ধি করেন। আমি তাঁকে দেখে সেইমতো চেষ্টা করি।
উল্লেখ্য, কেকেআরকে বিগত দুটি ম্যাচে ভুগিয়েছে ব্যাটিং বিভাগ। ঘুরে দাঁড়াতে ব্যাটিংয়ে উন্নতির দিকে যেমন তাকিয়ে থাকবে কেকেআর, তেমনই রিঙ্কুর ব্য়াটেও ঝড় দেখতে গ্যালারি ভরাবেন ভক্তরা।












Click it and Unblock the Notifications