IPL 2025: রিকি পন্টিং আইপিএলে ফিরতে আগ্রহী, কোন দলগুলি তাঁকে পেতে মরিয়া?
IPL 2025: আইপিএলের আসরে ফের দেখা যেতে পারে রিকি পন্টিংকে। পন্টিং নিজেও চাইছেন আইপিএল-সহ ফ্র্যাঞ্চাইজি লিগে কোচের ভূমিকা পালন করতে।
যদিও অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক এই মুহূর্তে কোনও জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নিতে আগ্রহী নন। পরিবারকে বেশি করে সময় দিতেই এই সিদ্ধান্ত।

চলতি বছরেই রিকি পন্টিংকে সরিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। পন্টিংয়ের জায়গায় কে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হবেন তা নিয়ে চলছে জল্পনা। আগেও বিভিন্ন সাক্ষাৎকারে পন্টিং জানিয়েছিলেন, তাঁর পরিবার আইপিএলের সময় ভারতে থাকতে পছন্দ করে। পন্টিং-পুত্রকে অনুশীলনেও দেখা গিয়েছিল।
স্কাই স্পোর্টসে পন্টিং বলেছেন, আমি এখন আন্তর্জাতিক ক্রিকেটে কোচিং করব না বলে ঠিক করেছি। গত দুই বছর যতটা আশা করেছিলাম তার চেয়েও বেশি ব্যস্ত থাকতে হয়েছিল। এই বছর মেজর লিগ ক্রিকেটে কোচিং করালাম। বেশ উপভোগ করেছি। এমন কোচিং চালিয়ে যাব। ওখানে সাড়ে তিন সপ্তাহের কাজ ছিল।
স্কাই স্পোর্টসের পডকাস্টে মাইকেল আথারটন ও নাসের হুসেনের সঙ্গে আলাপচারিতার ফাঁকে পন্টিং আরও বলেছেন, দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আর নেই। তবে আগামী কয়েক সপ্তাহে অন্য কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথাবার্তা হবে। দেখা যাক কী হয়।
উল্লেখ্য, দিল্লি ডেয়ারডেভিলস ও দিল্লি ক্যাপিটালস- দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে সাত বছর কোচিং করালেও একবারও দলকে চ্যাম্পিয়ন করাতে পারেননি পন্টিং। ২০২০ সালে ফাইনালে উঠেও হেরে যায়। রাহুল দ্রাবিড় ভারতের হেড কোচ হিসেবে দায়িত্ব শেষের পর তাঁর স্থলাভিষিক্ত হওয়ার ক্ষেত্রে পন্টিংয়ের নাম শোনা যাচ্ছিল। কিন্তু শেষ অবধি গৌতম গম্ভীর কোচ হন।
কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ও সাপোর্ট স্টাফ ঢেলে সাজানো হবে। গম্ভীর ভারতের দলের হেড কোচ হওয়ার পর কেকেআরের অভিষেক নায়ার ও রায়ান টেন দুশখাতেকে সহকারী কোচ হিসেবে নিয়ে গিয়েছেন। চন্দ্রকান্ত পণ্ডিত কেকেআরের হেড কোচ। কেকেআরের মেন্টর হওয়ার দৌড়ে জ্যাক কালিসের সঙ্গে ভাসছে পন্টিংয়ের নাম।
পন্টিং মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডন দলের কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন। গ্রেগ শিপার্ড সরে দাঁড়ানোয় পন্টিংকে কোচ করে ওয়াশিংটন ডিসির দলটি। পন্টিং আইপিএলে কেকেআরে খেলেছেন। কেকেআরের পাশাপাশি তাঁকে কোচ করতে ঝাঁপাতে পারে পাঞ্জাব কিংসও।












Click it and Unblock the Notifications