IPL 2025: ধোনি-পন্থ এক দলে! আইপিএলে বড় পরিকল্পনা চেন্নাই সুপার কিংসের, চিন্তা বাড়তে পারে জাদেজার
IPL 2025: আইপিএল রিটেনশন তালিকা জমা দেওয়ার ডেডলাইন শেষ আজ বিকেলেই। তবে তারই মধ্যে পরিকল্পনায় বিরাট বদল করতে পারে চেন্নাই সুপার কিংস।
গতকালই স্পষ্ট হয়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালস ধরে রাখছে না ঋষভ পন্থকে। আর সে কারণেই রিটেনশন লিস্টে বদল আনতে পারে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

বেশ কিছুদিন ধরেই জল্পনা রয়েছে যে, রবীন্দ্র জাদেজাকেই প্রথম পছন্দের প্লেয়ার হিসেবে ধরে রাখা হতে পারে। যদিও একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, কোনও কিছুই এখনও কনফার্ম নয়। তার বড় কারণ নিশ্চিতভাবেই ঋষভ পন্থ।
মহেন্দ্র সিং ধোনিকে কত বছর আর আইপিএলে পাওয়া যাবে তা স্পষ্ট নয়। আনক্যাপড ক্রিকেটার হিসেবে ধোনিকে ৪ কোটি টাকায় চেন্নাই সুপার কিংস ধরে রাখছে। চলতি বছরের আইপিএলেও হাঁটুর চোট নিয়ে খেলেছেন ধোনি। রানিং বিট্যুইন দ্য উইকেটসেও ছন্দে ছিলেন না।
ফলে ধোনি অবসর নিলে চেন্নাই সুপার কিংসের একজন উইকেটকিপার-ব্যাটার দরকার পড়বে। ধোনির বিকল্প হতে আদর্শ ঋষভ পন্থ। তাছাড়া পন্থের অধিনায়কত্ব করারও অভিজ্ঞতা রয়েছে। সে কারণে সুযোগ পেলে পন্থকে হাতছাড়া করতে চাইছে না সিএসকে।
জানা যাচ্ছে, পন্থের জন্য অন্তত ২০ কোটি টাকার ফান্ড রাখতে চাইছে চেন্নাই সুপার কিংস। যাতে দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়ককে নিতে নিলামে দর কষাকষিতে জোর টক্কর দেওয়া যায়। আর সে কারণেই জাদেজাকে ১৮ কোটি টাকা দিয়ে ধরে রাখার প্ল্যান নিয়ে শেষ মুহূর্তে ভাবনাচিন্তা করছে চেন্নাই সুপার কিংস।
ধোনির পাশাপাশি জাদেজা, মাথিশা পাথিরানা, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবেকে চেন্নাই সুপার কিংস ধরে রাখতে পারে বলে জানা যাচ্ছিল। তবে শেষ অবধি জাদেজার নাম রিটেনশন লিস্ট থেকে বাদ পড়লে অবাক হওয়ারও কিছু নেই। আর সেটা হলে হবে পন্থের জন্যই।
যদি পন্থকে চেন্নাই সুপার কিংস নেয়, তবে আসন্ন আইপিএল কিংবা ভবিষ্যতে তিনি ইয়েলো ব্রিগেডের নেতৃত্বের দায়িত্বও পেতে পারেন বলে চর্চা রয়েছে। তবে জাদেজার নাম রিটেনশন লিস্টে না থাকলেও তাঁকে নিতে পারে চেন্নাই সুপার কিংস। নিলামে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে। যদিও সিএসকের প্ল্যানের ট্যুইস্ট এখন রিটেনশন লিস্টের ডেডলাইনের দিনে বিরাট ট্রেন্ডিং।
তবে নিলাম থেকে যে কোনও ক্রিকেটারকে ইচ্ছামতো যে পাওয়া যাবে তেমনটাও নয়। পন্থকে নিতে আগ্রহী অনেক দলই। ফলে দিল্লি ক্যাপিটালস ছেড়ে পন্থ অনেক বেশি দর পেতে পারেন বলেই মনে করা হচ্ছে। তাঁকে নেওয়ার লড়াইয়ে এবার ঢুকে পড়ল সিএসকের নামও।












Click it and Unblock the Notifications