IPL 2025: গুজরাত টাইটান্সে ব্রাত্য শামি ও ঋদ্ধিমান, চুক্তিপত্রে অধিনায়ক গিলকে টেক্কা রশিদ খানের
IPL 2025: আইপিএলের রিটেনশনে গুজরাত টাইটান্সের তালিকায় চমক রয়েছে। দলের অধিনায়ক শুভমান গিল। যদিও তাঁকে প্রথম পছন্দের ক্যাপড প্লেয়ার হিসেবে রাখতে পারল না গুজরাত টাইটান্স।
গিলের স্বার্থত্যাগে গুজরাত টাইটান্সে সবচেয়ে বেশি দরের ক্রিকেটার হিসেবে সই করলেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

গুজরাত টাইটান্সকে ২০২২ সালে চ্যাম্পিয়ন করানোর পিছনে অবদান রেখেছিলেন মহম্মদ শামি। তাঁকে এবার আর ধরে রাখল না গুজরাত টাইটান্স। এটা ঠিক, শামি গত বছর বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে। গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছিল। ভারতীয় দলে কবে ফিরতে পারবেন সেটাই স্পষ্ট নয়।
শামি বাংলার হয়ে কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে খেলতে পারেন। তারপর মধ্যপ্রদেশ ম্যাচে। রঞ্জি ম্যাচগুলির উপরই নির্ভর করবে শামির জাতীয় দলে প্রত্যাবর্তনের বিষয়টি। অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্টের দলেও শামির নাম নেই। তবে ওই সিরিজে খেলার আশা ছাড়ছেন না শামি।
যদিও দীর্ঘদিন মাঠের বাইরে থাকা, ফিটনেসের প্রভাব পড়ল আইপিএল রিটেনশনের ক্ষেত্রে। তবে শামিকে দলে ফেরানোর বিকল্প যে নেই তা নয়। কেন না, নিলামে একটি আরটিএম কার্ড ব্যবহার করতে পারবে গুজরাত টাইটান্স। তার মাধ্যমে কোনও ক্যাপড ক্রিকেটারকেই নিতে পারবে।\
ঋদ্ধিমান সাহা চলতি বছর আইপিএলে চোটের কারণেই গুজরাত টাইটান্সের হয়ে সব ম্যাচে খেলতে পারেননি। তিন মরশুম গুজরাত টাইটান্সে খেলেছেন বাংলার উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধি। ওপেনও করেছেন। তবে জাতীয় দলে ব্রাত্য ঋদ্ধিকে ধরে রাখল না গুজরাত টাইটান্স। কোনও উইকেটকিপারকেই ধরে রাখেনি তারা।
ফলে আইপিএল নিলাম থেকে ভালো মানের উইকেটকিপার-ব্যাটার খুঁজতে হবে গুজরাতকে। ঋদ্ধির পজিটিভ দিক হলো তাঁকে দিয়ে ওপেন করানো যায়। শুভমান গিলের সঙ্গে তাঁর জুটি স্বাভাবিকভাবেই ভাঙতে চলেছে। যদি না নিলাম থেকে ঋদ্ধিকে গুজরাত দলে ফেরায়। ঋদ্ধিকেও তাকিয়ে থাকতে হবে নিলামের দিকেও।
ডেভিড মিলারের মতো প্লেয়ারকেও ছেড়ে দিল আশিস নেহরার প্রশিক্ষণাধীন গুজরাত টাইটান্স। গুজরাত টাইটান্স ৫ ক্রিকেটারকে ধরে রেখেছে। নিলামের জন্য অবশিষ্ট থাকছে ৬৯ কোটি টাকা। যে পাঁচজনকে ধরে রাখল গুজরাত টাইটান্স তাঁদের মধ্যে একজনও জোরে বোলার নন। ফলে ব্য়াটিং, বোলিং- দুই বিভাগই ঢেলে সাজাতে হচ্ছে।
রশিদ খানকে ১৮ কোটি টাকার বিনিময়ে রেখে দিল গুজরাত টাইটান্স। শুভমান গিলের সঙ্গে চুক্তি সাড়ে ১৬ কোটি টাকার। সাই সুদর্শন গুজরাত টাইটান্সে থাকলেন সাড়ে ৮ কোটি টাকার চুক্তিতে। রাহুল তেওয়াটিয়া ও শাহরুখ খান- দুজনকেই ৪ কোটি টাকায় ধরে রাখল গুজরাত টাইটান্স।












Click it and Unblock the Notifications