IPL 2025: চেন্নাই সুপার কিংস কাদের ধরে রাখতে চলেছে? তালিকা চূড়ান্ত করার পথে শ্রীনি-ধোনি
IPL 2025: মহেন্দ্র সিং ধোনি খেলার ব্যাপারে সবুজ সঙ্কেত দিতেই আশ্বস্ত চেন্নাই সুপার কিংস। ধোনির সঙ্গে কথা বলেই সিএসকে-র রিটেনশন লিস্ট চূড়ান্ত করবেন কর্ণধার এন শ্রীনিবাসন।
চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন ক্রিকবাজকে বলেছেন, ধোনি যখন খেলার জন্য তৈরি তখন আমাদের আর চাওয়ার কী থাকে? আমরা খুশি।

মহেন্দ্র সিং ধোনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তাঁর মধ্যে যে কয়েক বছরের ক্রিকেট খেলা অবশিষ্ট রয়েছে তা উপভোগ করতে চান। তবে পেশাদার ক্রিকেট খেলার সময় কোনও ম্যাচ উপভোগ করার কাজ সহজও নয়। সেইমতোই ধোনি নিজেকে ৯ মাস ফিট রেখে আড়াই মাসের আইপিএল খেলতে চান।
চেন্নাই সুপার কিংস আশা করছিল, ২৮ অক্টোবরের মধ্যেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দেবেন ধোনি। তার আগেই পাঁচবারের আইপিএল-জয়ী অধিনায়ক সকলকে আশ্বস্ত করলেন। আবেগ, দায়বদ্ধতার কথা মাথায় রেখে আগামী কয়েক বছর খেলার কথা যে ধোনি জানিয়েছেন তা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
মহেন্দ্র সিং ধোনির সঙ্গে শীঘ্রই কথা হবে এন শ্রীনিবাসনের। গোয়া থেকে রাঁচি ফেরার কথা রয়েছে ধোনির। তিনি চেন্নাইয়ে গিয়ে শ্রীনির সঙ্গে দেখা করবেন, নাকি ফোনেই কথা বলে নেবেন সেটা স্পষ্ট নয়। তবে চেন্নাই সুপার কিংসের রিটেনশন তালিকা প্রায় তৈরি।
ধোনি আইপিএলে খেলবেন আনক্যাপড ক্রিকেটার হিসেবেই। ফলে তাঁর জন্য সিএসকের বরাদ্দ থাকবে ৪ কোটি টাকা। রবীন্দ্র জাদেজাকেই প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবে রাখতে চলেছে সিএসকে। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে রিটেনশন লিস্টে দুইয়ে রাখা প্রায় পাকা।
চেন্নাই সুপার কিংস শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে তিন নম্বর রিটেনশন হিসেবে দেখাতে চলেছেন। এই বিষয়ে গত সপ্তাহে সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে পাথিরানার ম্যানেজারের কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে শিবম দুবে, ডেভন কনওয়ে ও আনক্যাপড সমীর রিজভির মধ্যে দু-জনকে রেখে দেওয়া হবে বলে দাবি করা হয়েছে ক্রিকবাজের প্রতিবেদনে।












Click it and Unblock the Notifications