RR vs CSK, IPL 2025: নীতীশের ঝড়ের পর হাসারঙ্গার ম্যাজিক, চেন্নাইকে হারিয়ে প্রথম জয় রাজস্থানের
RR vs CSK, IPL 2025: চলতি আইপিএলে হারের হ্যাটট্রিক বাঁচাল রাজস্থান রয়্যালস। গুয়াহাটিতে নিজেদের দ্বিতীয় হোম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারাল রিয়ান পরাগের নেতৃত্বাধীন দল।
২০১৯ সালের পর থেকে আইপিএলে ১৮০-র উপর রান তাড়া করে জেতেনি চেন্নাই সুপার কিংস। সেই ধারা বজায় থাকল। শেষদিকে মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা মরিয়া চেষ্টা চালালেও শেষরক্ষা হলো না।

আজ গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে রাজস্থান রয়্যালস। ৩৬ বলে সর্বাধিক ৮১ রান নীতীশ রানার। তিনি ২১ বলে অর্ধশতরান পূর্ণ করেন।
অধিনায়ক রিয়ান পরাগ ২৮ বলে ৩৭, সঞ্জু স্যামসন ১৬ বলে ২০ ও শিমরন হেটমায়ার ১৬ বলে ১৯ রান করেন। খলিল আহমেদ, নূর আহমেদ ও মাথিশা পাথিরানা নেন ২টি করে উইকেট। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা পান ১টি করে উইকেট। এই ম্যাচে সিএসকে জেমি ওভার্টনকে খেলায় স্যাম কারানের জায়গায়। তিনি ২ ওভারে ৩০ রান দেন।
জবাবে খেলতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় চেন্নাই সুপার কিংস। রাচিন রবীন্দ্র ৪ বলে শূন্য রানে আউট হন। তাঁর উইকেটটি নেন জোফ্রা আর্চার। এরপর চেন্নাই সুপার কিংসের যে চারটি উইকেট পড়ে সব কটিই তুলে নেন ওয়ানিন্দু হাসারঙ্গা। তার মধ্যে তিনটি ক্ষেত্রে ছক্কা হজমের পরের বলেই সেই ব্যাটারকে আউট করেন তিনি।
অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় তিনে নেমে ৪৪ বলে সর্বাধিক ৬৩ রান করলেন। সাতটি চার ও একটি ছয় মেরেছেন তিনি। রাহুল ত্রিপাঠী করেন ১৯ বলে ২৩ রান। শিবম দুবে ১০ বলে ১৮ ও বিজয় শঙ্কর ৬ বলে ৯ রান করেন। মহেন্দ্র সিং ধোনি এদিন ব্যাট করতে নামেন সাতে।
MS Dhoni™️
— Star Sports (@StarSportsIndia) March 30, 2025
Watch the LIVE action on JioHotstar!#IPLonJioStar 👉 #RRvCSK | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 2, Star Sports 2 Hindi & JioHotstar! pic.twitter.com/0Rhrp7PfLU
শেষ ২ ওভারে চেন্নাইয়ের জেতার সমীকরণ ছিল ৩৯ রান। তুষার দেশপাণ্ডের ওভারে ১৯ রান নেন ধোনি ও জাদেজা। এই ওভারে ধোনি একটি চার ও একটি ছয় মারেন। শেষ বলে জাদেজাও মারেন ছক্কা। শেষ ওভারে জোফ্রা আর্চারকে বল না দিয়ে সন্দীপ শর্মাকে ডাকেন পরাগ।
প্রথম বল ওয়াইড হয়। পরের ডেলিভারিতে ধোনি বড় শট নিতে যান। বাউন্ডারি লাইনের ধারে দুরন্ত ক্যাচ ধরেন শিমরন হেটমায়ার। ধোনি করেন ১১ বলে ১৬। চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে। রবীন্দ্র জাদেজা ২২ বলে ৩২ ও ওভার্টন ৪ বলে ১১ রানে অপরাজিত থাকেন।
রাজস্থান রয়্যালস জিতল ৬ রানে। রাজস্থানের সফলতম বোলার হাসারঙ্গা। তিনি ৪ ওভারে ৩৫ রান খরচ করে চারটি উইকেট পেলেন। আর্চার একটি মেডেন-সহ তেরো রান দিয়ে পেলেন একটি উইকেট। সন্দীপ চার ওভারে ৪২ রান দিয়ে পেলেন ধোনির মূল্যবান উইকেট। তুষার দেশপাণ্ডে ৪ ওভারে ৪৫ ও মাহিশ থিকশানা ৪ ওভারে ৩০ রান খরচ করেন। কোনও উইকেট পাননি।
রাজস্থান রয়্যালস উঠে এলো পয়েন্ট তালিকার নয়ে। দশে চলে গেল মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংস আপাতত সাত নম্বরে। টানা দুটি ম্যাচ হারল সিএসকে।












Click it and Unblock the Notifications