IPL 2025: সঞ্জুর রাজস্থান রয়্যালসের ব্য়াটিং বিভাগ ভারতীয়-নির্ভর, দুর্বলতা পেস আক্রমণে
IPL 2025: আইপিএলের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। কিন্তু তারপর আর খেতাব জিততে পারেনি তারা। বেশ কয়েকবার সম্ভাবনা জাগিয়েও শেষরক্ষা হয়নি।
এবার সঞ্জু স্যামসনদের দলের হেড কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়। ভারতকে টি২০ বিশ্বকাপ জেতানো কোচ দ্রাবিড়ের হাত ধরে ফের আইপিএল জয়ের স্বপ্ন দেখছে এই ফ্র্যাঞ্চাইজি।

গত বছরের আইপিএলে প্রথম ৯টির মধ্যে ৮টি ম্যাচ জিতেছিল রাজস্থান রয়্যালস। তারপর ছন্দপতন। টানা চারটি ম্যাচে হারের পর একটি ম্যাচ পরিত্যক্ত হয়। তাতে তিন নম্বরে লিগ অভিযান শেষ করেন সঞ্জুরা। এলিমিনেটরে আরসিবিকে হারালেও দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান হেরে যায় সানরাইজার্স হায়দরাবাদের কাছে।
রাজস্থান রয়্যালস যেমন ছেড়ে দিয়েছে জস বাটলারকে, তার পাশাপাশি বোলিং বিভাগে এনেছে বিরাট বদল। ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিনদের ধরে রাখেনি। জোফ্রা আর্চার, তুষার দেশপাণ্ডে, ওয়ানিন্দু হাসারঙ্গা ও মাহিশ থিকশানার পিছনে মোট ২৮.৬৫ কোটি টাকা ঢেলেছে।
কোনও বিদেশি ব্যাটারকে নিলাম থেকে নেয়নি। শিমরন হেটমায়ারই একমাত্র বিদেশি ব্যাটার, যাঁকে নিলামের আগেই ধরে রাখা হয়েছিল। ব্যাটিং অর্ডারে প্রথম পাঁচজনই ভারতীয়। যশস্বী জয়সওয়ালের সঙ্গে স্যামসন ওপেন করবেন। রয়েছেন নীতীশ রানা, রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল।
সঞ্জুর আঙুলে অস্ত্রোপচার হয়েছিল। এখনও অবধি কিপিংয়ের ছাড়পত্র পাননি। তবে তিনি ব্যাটার হিসেবে খেললে উইকেটকিপিং করবেন জুরেল। ১৩ বছরের বৈভব রাজবংশীকে আইপিএলের কোনও ম্য়াচে খেলানো হবে কিনা তা নিয়েও থাকবে আকর্ষণ।
প্রায় পাঁচ বছর পর জোফ্রা আর্চার ফিরেছেন রাজস্থান রয়্যালসে। এই দলে তিনি খেলেছেন ২০১৮ থেকে ২০২০ সাল অবধি। তবে তাঁর চোট প্রবণতার কারণে ওয়ার্কলোড ম্যানেজ করা হতে পারে। দলে রয়েছেন দুই বিদেশি বাঁহাতি পেসারও। তাঁরা হলেন ফজলহক ফারুকি ও কোয়েনা মাফাকা।
রাজস্থান রয়্যালসে ভারতের কোনও তারকা পেসার নেই। ফলে এ ক্ষেত্রে অভিজ্ঞতার বিষয়টি চ্যালেঞ্জিং হতে পারে রাজস্থান রয়্যালসের পক্ষে। ২৩ মার্চ বিকেল সাড়ে তিনটে থেকে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে রাজস্থান রয়্যালস।
রাজস্থান রয়্য়ালসের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক), নীতীশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারঙ্গা, শুভম দুবে বা আকাশ মাধওয়াল, জোফ্রা আর্চার, মাহিশ থিকশানা বা ফজলহক ফারুকি, সন্দীপ শর্মা। ইমপ্যাক্ট প্লেয়ার তুষার দেশপাণ্ডে।












Click it and Unblock the Notifications