IPL 2025: শান্ত থেকে খোলা মনে নির্ভীক ক্রিকেট! কেকেআরকে সাফল্য এনে দিতে দর্শন বদলাচ্ছেন না রাহানে
IPL 2025: কলকাতা নাইট রাইডার্স কলকাতায় অনুশীলন শুরু করবে ১২ মার্চ থেকে। ২২ মার্চ প্রথম ম্যাচে ইডেনে নাইটদের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
অজিঙ্ক রাহানেকে অধিনায়ক করেছে কেকেআর। ভারতের প্রাক্তন অধিনায়ক নাইট শিবিরে ফিরে, নেতৃত্বের দায়িত্ব পেয়ে বেশ আত্মবিশ্বাসী।

আজ মুম্বইয়ে এক অনুষ্ঠানে রাহানে বলেন, আমাদের দল যথেষ্ট ভালো। সকলেই ভালো খেলছেন। মুম্বইয়ে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে শিবির হয়ে গেল। বাকিরাও আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, সেটাও ভালো দিক।
রাহানের কথায়, কেকেআর গত বছর চ্যাম্পিয়ন হয়েছে। তবে এবার সেই শূন্য থেকেই শুরু করতে হবে। টি২০ মজাদার ফরম্যাট। আইপিএলও চ্যালেঞ্জিং টুর্নামেন্ট। কেকেআরের নেতৃত্ব পেয়ে ভালো লাগছে। বাস্তবের মাটিতে থেকে একেকটি করে ম্যাচের কথা ভেবে এগোতে হবে। সব কিছু স্বাভাবিকই রাখতে চাই।
সতীর্থদের প্রতিটি মুহূর্ত ও এই ফরম্যাটকে উপভোগের বার্তা দেন রাহানে। রাহানের নেতৃত্বে মুম্বই সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতেছে। রাহানে পাঁচটি হাফ সেঞ্চুরি-সহ সর্বাধিক ৪৬৯ রান করেছেন। শান্ত থেকে নির্ভীক ক্রিকেট খেলেই সাফল্য এসেছে বলে দাবি রাহানের।
রাহানে বলেন, সব সময়ই আমি ব্যাট হাতে মূল ভূমিকা পালন করতে চাই, যেখানে সতীর্থরা যোগ্য সঙ্গত দেবেন। বিগত ২-৩ বছর ধরে আমি খোলা মনে নির্ভীক ক্রিকেট খেলার লক্ষ্য নিয়েই নামি। নিজেকে সেভাবেই খেলার জন্য উদ্বুদ্ধ করে থাকি। ক্রিকেটের প্রতি আস্থাশীল ও বিশ্বস্ত থেকে প্রক্রিয়া ও রুটিন মেনে নির্ভীক ক্রিকেটই যে তিনি খেলতে চান তা স্পষ্ট করে দেন রাহানে।
গতবারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই এবার সেমিফাইনাল অবধি গিয়েছিল। অধিনায়ক রাহানে ৪৬৭ রান করেছিলেন। ঘরোয়া ক্রিকেটের সাফল্য থেকে অর্জিত আত্মবিশ্বাস সম্বল করেই আইপিএলে নামতে চান কেকেআরের নয়া অধিনায়ক।
রাহানের কথায়, ভালো ব্যাটিং করছি। সৈয়দ মুস্তাক আলি ট্রফি তো খুবই ভালো গিয়েছে। ঘরোয়া ক্রিকেটেও ভালো খেলেছি। ফলে আত্মবিশ্বাসী অবশ্যই আছি। বাস্তবের মাটিতে থেকে শান্তভাবে নিজেকে ভালো কিছু করতে উদ্বুদ্ধ করাই লক্ষ্য। অতীত নিয়ে যেমন ভাবছি না, তেমনই সামনে খুব দূরের কিছু নিয়েও ভাবছি না। নিজের খেলা উপভোগ করে আরও উন্নতি করতে চাই।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ভালো করবে বলেই আশাবাদী রাহানে। তিনি বলেন, আগে কী হয়েছে তা নিয়ে এখন দল ভাবে না। বর্তমানেই ফোকাস রাখে। লক্ষ্য ছিল অস্ট্রেলিয়াকে হারানো। তবে আগের কথা যে মাথায় থাকে না তা নয়। ক্রিকেটারদের ভাবনা কেন্দ্রীভূত থাকে কিন্তু বর্তমানেই। ফলে সংশ্লিষ্ট ম্য়াচে ভালো খেললেই আসে সাফল্য। ভারতীয় দলকে শুভেচ্ছাও জানান রাহানে।












Click it and Unblock the Notifications