IPL 2025: পাঞ্জাব কিংসের ভোল বদলে ভাগ্য বদলাবে? পন্টিং-শ্রেয়স জুটির হাতে কতটা শক্তিশালী দল?
IPL 2025: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে চলতি বছরই অধিনায়ক হিসেবে খেতাব জিতিয়েছেন শ্রেয়স আইয়ার। এর আগে, দিল্লি ক্যাপিটালসকে ফাইনালে তুললেও কাপ ছোঁয়ার স্বপ্নপূরণ হয়নি।
আইপিএলে পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজিও কখনও চ্যাম্পিয়ন হয়নি। দলের নাম থেকে জার্সির রং বদল, অধিনায়ক থেকে কোচ বদল, কোনও কিছুতেই খেতাবের খরা কাটেনি। এবার শ্রেয়সকে অধিনায়ক করেই ভাগ্যোদয় ঘটাতে মরিয়া পাঞ্জাব।

পাঞ্জাব কিংস শ্রেয়সের নাম যে অধিনায়ক হিসেবে ঘোষণা করবে তা নিয়ে সংশয় নেই। শ্রেয়স আইপিএলের সর্বকালের ইতিহাসে আপাতত দ্বিতীয় সর্বাধিক দামী ক্রিকেটার। দর কষাকষিতে শ্রেয়সই প্রথম ভারতীয় হিসেবে ২৬ কোটি টাকার গণ্ডি টপকান।
শ্রেয়সকে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় কেনে পাঞ্জাব। এর কিছু পরেই ২৭ কোটি টাকায় লখনউ নেয় ঋষভ পন্থকে। ২০২০ সালে হেড কোচ রিকি পন্টিং ও অধিনায়ক শ্রেয়সের জুটিই ফাইনালে তুলেছিল দিল্লি ক্যাপিটালসে। সেই জুটিই আবার আইপিএল আসরে, তবে এবার পাঞ্জাবে।
পাঞ্জাব কিংসের ৮ বিদেশির মধ্যে ৫ জনই অস্ট্রেলিয়ার। শশাঙ্ক সিং ও প্রভসিমরণ সিংকে রেখে দিয়েছিল পাঞ্জাব কিংস। আইপিএল নিলামের পর যে দল দাঁড়াল তাতে দেখা যাচ্ছে ওই দুজনের সঙ্গে হরপ্রীত ব্রার যোগ হলেন।
ফলে চলতি বছর আইপিএলে পাঞ্জাব কিংসের যে একাদশ ছিল তাতে আগামী বছরের আইপিএলে এই তিনজন বাদে বাকি সকলেই নতুন মুখ। পাঞ্জাব কিংসে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে রয়েছেন শ্রেয়স, শশাঙ্ক, নেহাল ওয়াধেরা, হারনুর সিং পান্নু, প্রিয়াংশ আর্য, পিলা অবিনাশ।
উইকেটকিপার হিসেবে রয়েছেন জশ ইনগ্লিস, বিষ্ণু বিনোদ, প্রভসিমরণ সিং। পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টইনিস, মার্কো জানসেন, আজমাতুল্লাহ ওমরজাই, অ্যারন হার্ডি, সূর্যাংশ শেড়গে। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, হরপ্রীত ব্রার, মুশির খান।
স্পিনারদের মধ্যে রয়েছেন যুজবেন্দ্র চাহাল ও প্রবীণ দুবে। ফাস্ট বোলারদের তালিকায় রয়েছেন অর্শদীপ সিং (রাইট টু ম্যাচ কার্ড দিয়ে ফেরানো হলো), লকি ফার্গুসন, যশ ঠাকুর, বিজয়কুমার ভাইশাক, কুলদীপ সেন, জেভিয়ার বার্টলেট।
ইমপ্যাক্ট প্লেয়ার-সহ পাঞ্জাব কিংসের সেরা ১২- জশ ইনগ্লিস (উইকেটকিপার), প্রভসিমরণ সিং, মার্কাস স্টইনিস, শ্রেয়স আইয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কো জানসেন, হরপ্রীত ব্রার, যশ ঠাকুর বা কুলদীপ সেন বা বিজয়কুমার ভাইশাক, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।
২৫ জনকে নিয়েই দল গড়া হয়েছে। আট বিদেশিও আছেন। নিলামে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ নিয়েই গিয়েছিল পাঞ্জাব কিংস। সেই নিরিখে তারকাদের নিয়ে আরও শক্তিশালী দল গঠন করা যেত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications