IPL 2025: রিকি পন্টিং আসতেই পাঞ্জাব কিংসে বড় বদল, ছাঁটাই ট্রেভর বেলিস ও সঞ্জয় বাঙ্গার
IPL 2025: আইপিএলে পাঞ্জাব কিংসে সাপোর্ট স্টাফ যে ঢেলে সাজানো হবে, তারই বড় ইঙ্গিত মিলল। একসঙ্গে ছাঁটাই হলেন ট্রেভর বেলিস ও সঞ্জয় বাঙ্গার।
চলতি বছরের আইপিএলেও পাঞ্জাব কিংসের হেড কোচ ছিলেন ট্রেভর বেলিস। সঞ্জয় বাঙ্গার ছিলেন এই ফ্র্যাঞ্চাইজির হেড অব ক্রিকেট ডেভেলপমেন্ট পদে।

রিকি পন্টিংকেই কোচিং স্টাফ সাজানোর জন্য পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে পাঞ্জাব কিংস সূত্রে খবর। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ, বেলিস ও বাঙ্গারকে সরানো হলো নতুনভাবে দলের কোচিং স্টাফ সাজানোর লক্ষ্যেই। পন্টিং কোচ হওয়ার পরই অবশ্য বেলিসকে সরানোর জল্পনা শুরু হয়েছিল।
তবে সম্মানজনক কোনও পদ দিয়ে অভিজ্ঞ বেলিসকে পাঞ্জাব কিংস ধরে রাখতে পারে বলেও অনেকেই মনে করছিলেন। একইসঙ্গে বাঙ্গার ছিলেন ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট ডেভেলপমেন্টের প্রধান পদে। ফলে তাঁর অপসারণও তাৎপর্যপূর্ণ। পন্টিংয়ের পছন্দসই কারা এবার পাঞ্জাব কিংসে যুক্ত হন সেটা দেখার।
২০২২ সালের আইপিএলের পর বেলিস পাঞ্জাব কিংসের হেড কোচ হিসেবে অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছিলেন। গত বছর ডিসেম্বরে বাঙ্গার হেড অব ক্রিকেট ডেভেলপমেন্টের দায়িত্ব নিয়েছিলেন। কয়েক মাসের মধ্যেই তাঁকে সরতে হলো। ২০২৩-এ পাঞ্জাব কিংস অষ্টম এবং এবার নবম স্থানে থেকে অভিযান শেষ করেছিল পাঞ্জাব কিংস।
বাঙ্গার ২০১৪ সালেও পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির হেড কোচ হয়েছিলেন। তখন দলের নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। বাঙ্গার দায়িত্বে ছিলেন ২০১৬ অবধি। এরপর তিনি ভারতীয় দলের সহকারী কোচ হন। ২০২১ সালে বাঙ্গার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং পরামর্শদাতা নিযুক্ত হয়েছিলেন। পরে হেড কোচও হন।
অনিল কুম্বলে ২০২০ থেকে ২০২২ অবধি পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির হেড কোচ ছিলেন। আইপিএলে পাঞ্জাব আজ অবধি চ্যাম্পিয়ন হতে পারেনি। কুম্বলে ছিলেন এই ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কোচ। বাঙ্গারের পর ২০১৭ সালে বীরেন্দ্র শেহওয়াগ এই দলের হেড কোচের দায়িত্বে ছিলেন। ২০১৮ ও ২০১৯ সালে সেই পদে আনা হয় যথাক্রমে ব্র্যাড হজ ও মাইক হেসনকে।
রিকি পন্টিংকে ২০২৫ থেকে ২০১৮ সাল অবধি হেড কোচ করেছে পাঞ্জাব কিংস। তিনি দলে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে সাফ জানিয়েছেন, মাঝারি মানের পারফরম্যান্স বরদাস্ত করবেন না। যাতে পয়েন্ট তালিকার নীচের দিকে থাকতে না হয়। দলকে এমন জায়গায় পৌঁছে দিতে চান যাতে সকলে এই দলকে নিয়েই অন্যভাবে আলোচনা করে। পন্টিং দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হিসেবে প্রত্যাশিত সাফল্য পাননি। পাঞ্জাবে কী পরিস্থিতি হয়, তা বলবে সময়।












Click it and Unblock the Notifications