IPL 2025: আইপিএল রিটেনশন তালিকা জমা দেওয়ার সময়সীমা শেষ আজ, কোন দল কাদের ধরে রাখতে পারে?
IPL 2025: আইপিএল নিলামের আগে আজ বিকেল ৫টার মধ্যে ১০টি দল জানিয়ে দেবে তারা কোন ক্রিকেটারদের ধরে রাখছে। বিসিসিআই তা আনুষ্ঠানিকভাবে জানাবে।
বিকেল থেকেই স্টার স্পোর্টসের চ্যানেল ও জিওসিনেমা অ্যাপে আইপিএল রিটেনশন সংক্রান্ত আপডেট জানানো হবে। তার আগে কোন দলের রিটেনশন লিস্টে কাদের নাম থাকছে তা নিয়ে জল্পনা তুঙ্গে।

এখনও অবধি যা খবর তাতে লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থকে তাকিয়ে থাকতে হবে আইপিএল নিলামের দিকে। আগামী আইপিএলের আগে লখনউ সুপার জায়ান্টস, কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস নতুন অধিনায়কের সন্ধানে। পাঞ্জাব কিংসেও দেখা যাবে নতুন অধিনায়ক।
কলকাতা নাইট রাইডার্স রিঙ্কু সিং, সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর পাশাপাশি আনক্যাপড হিসেবে রামনদীপ সিংকে ধরে রাখতে চলেছে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে কেকেআর ২টি আরটিএম কার্ড ব্যবহার করতে পারবে। নিলাম থেকে আন্দ্রে রাসেলকে নিতে কেকেআর উদ্যোগী হয় কিনা সেটা দেখার।
সূত্রের খবর, সানরাইজার্স হায়দরাবাদ ধরে রাখতে চলেছে হেইনরিখ ক্লাসেন, প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ট্রাভিস হেড ও নীতীশ কুমার রেড্ডিকে। লখনউ সুপার জায়ান্টস নিকোলাস পুরাণ, রবি বিষ্ণোই, ময়াঙ্ক যাদবের পাশাপাশি আনক্যাপড আয়ুষ বাদোনি ও মহসীন খানকে ধরে রাখতে পারে।
মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, তিলক বর্মা এবং আনক্যাপড নমন ধীরকে ধরে রাখতে পারে বলেই খবর। তবে এর মধ্যে চার মহাতারকা বাদ পড়লে তা হবে বড় চমক। দিল্লি ক্যাপিটালস ধরে রাখতে পারে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস ও অভিষেক পোড়েলকে। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককেও ধরে রাখতে পারে ক্যাপিটালস।
চেন্নাই সুপার কিংস ধরে রাখতে পারে রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কোয়াড়, মাথিশা পাথিরানা, শিবম দুবে ও মহেন্দ্র সিং ধোনিকে। ধোনিকে আনক্যাপড হিসেবে রাখতে চলেছে সিএসকে। গুজরাত টাইটান্স শুভমান গিল, রশিদ খান, সাই সুদর্শনের সঙ্গে আনক্যাপড রাহুল তেওয়াটিয়া ও শাহরুখ খানকে ধরে রাখবে বলেই খবর।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট কোহলি ও রজত পাটীদারের সঙ্গে আনক্যাপড যশ দয়ালকে রেখে ঢেলে দল সাজাতে পারে। নিলাম থেকে কয়েকজনকে আরটিএম কার্ড ব্যবহার করেও নিতে পারে।
রাজস্থান রয়্যালস রাখতে পারে যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, সিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল ও আনক্যাপড সন্দীপ শর্মাকে। যদিও হেটমায়ার ও জুরেলের থাকা এখনও নিশ্চিত নয়। পাঞ্জাব কিংস ধরে রাখতে পারে আনক্যাপড শশাঙ্ক সিং ও প্রভসিমরন সিংকে।












Click it and Unblock the Notifications