IPL 2025: প্রিয়াংশ আর্যর শতরানে একের পর রেকর্ড, শিক্ষক দম্পতির পুত্র দিল্লির এই ব্যাটারকে চিনে রাখুন
IPL 2025: আইপিএলে ধামাকাদার ব্যাটিং উপহার দিলেন প্রিয়াংশ আর্য। দিল্লির এই ব্যাটারকে ৩.৮ কোটি টাকায় কিনেছে পাঞ্জাব কিংস।
আন্তর্জাতিক ম্যাচ না খেলা ক্রিকেটারদের মধ্যে আইপিএলে দ্রুততম শতরান হাঁকানোর রেকর্ড করায়ত্ত করেছেন প্রিয়াংশ। এই বিধ্বংসী ইনিংস খেলার পর কথা হয়েছে কোচ সঞ্জয় ভরদ্বাজের সঙ্গে।

প্রিয়াংশের বাবা পবন আর্য, মা রাধাবালা আর্য। দুজনেই পেশায় স্কুল শিক্ষক। প্রিয়াংশের বাবা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানান, সাত বছর বয়সে ক্রিকেট শেখার ইচ্ছার কথা পুত্রের থেকে তাঁরা জানতে পারেন। আপত্তি করেননি। তবে শিক্ষালাভে যাতে খামতি না থাকে সেদিকেও খেয়াল রাখেন শিক্ষক দম্পতি।
প্রিয়াংশের বাড়ি দিল্লির অশোক বিহারে। কোচ সঞ্জয় ভরদ্বাজের কাছে ক্রিকেট শেখা শুরু করেন। সঞ্জয় ভরদ্বাজকে দিল্লির ক্রিকেট মহলে গুরুজি বলা হয়। তিনি গৌতম গম্ভীর, নীতীশ রানা, অমিত মিশ্রদেরও কোচ। সঞ্জয়কে ফোন করে নমস্কার জানিয়ে প্রিয়াংশ প্রশ্ন করেন, গতকালের ইনিংস ঠিকঠাক ছিল কিনা।
এরপর কোচের সঙ্গে কথোপকথনে প্রিয়াংশ বলেন, আমি কিছুই করিনি। যা হয়েছে ঈশ্বরের আশীর্বাদে। সঞ্জয় ভরদ্বাজের কথায়, আমি সব সময় ছাত্রদের বলে থাকি, ঈশ্বরই তোমাদের মাধ্যমে সবটা করিয়ে নেন। ফলে ছাত্রের সাফল্যের পর তাঁর মুখে এই কথার প্রতিধ্বনি শুনতে পেরে আপ্লুত কোচ।
প্রিয়াংশের নাম ছিল ২০২৪ সালের আইপিএল নিলামেও। তবে সেবার দল না পেয়ে মুষড়ে পড়েছিলেন। নজর কাড়েন দিল্লি প্রিমিয়ার লিগ টি২০ টুর্নামেন্টে। বিশেষ করে একটি ম্যাচে ছয় বলে ছয় ছক্কা হাঁকান। সাউথ দিল্লি সুপারস্টারজের হয়ে নর্থ দিল্লি স্ট্রাইকারসের বিরুদ্ধে প্রিয়াংশ করেন ১২০। ১০টা চার ও ১০টি ছয় মেরে।
আইপিএলে দল পাওয়ার জন্য সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ফোকাস করেন। দিল্লির হয়ে সাফল্যও পান। তবে আইপিএলে পাঞ্জাব কিংস দলে সুযোগের পরেও দিল্লি দল থেকে বাদ পড়তে চলেছিলেন। অনূর্ধ্ব ২৩-এর কিছু ম্যাচে ছন্দে ছিলেন না। ফলে বিজয় হাজারে ট্রফির দলে তাঁকে রাখা হচ্ছিল না।
A star is well and truly born! 🌟#TATAIPL unearths a new gem as #PriyanshArya smashes the 2nd fastest century by an Indian in the league! ❤🔥
— Star Sports (@StarSportsIndia) April 8, 2025
Watch the LIVE action ➡ https://t.co/tDvWovyffE#IPLonJioStar 👉 #PBKSvCSK | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi &… pic.twitter.com/tf4Wnoo40j
টিম হোটেল থেকে বাড়ি ফেরার তোড়জোড় যখন চলছে, মালপত্র গুছিয়ে নেওয়া হয়েছে, তখনই ইশান্ত শর্মা ও ডিডিসিএ সভাপতি রোহন জেটলি আসরে নেমে প্রিয়াংশকে দলে রাখার বন্দোবস্ত করেন। এবার আইপিএলে বিধ্বংসী শতরানে প্রিয়াংশ বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া।
আইপিএলে দ্রুততম শতরান হাঁকানোর নিরিখে প্রিয়াংশ ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে। ২০১০ সালের আইপিএলে ইউসুফ পাঠান রাজস্থান রয়্যালসের হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৭ বলে শতরান করেছিলেন। প্রিয়াংশের লাগল ৩৯ বল।
প্রিয়াংশের শতরান আইপিএলে যুগ্ম চতুর্থ দ্রুততম। ক্রিস গেইলের ৩০, ইউসুফ পাঠানের ৩৭ ও ডেভিড মিলারের ৩৮ বলে শতরান আছে। মিলার করেন পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির হয়ে। গত বছর ৩৯ বলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আরসিবির বিরুদ্ধে শতরান করেছিলেন ট্রাভিস হেড। হেডের নজির স্পর্শ করলেন প্রিয়াংশ।
প্রিয়াংশ একটা সময় ২০ বলে ৬১ রান করেছেন, স্ট্রাইক রেট ৩১০। আইপিএল ইনিংসের প্রথম বলে ছয় মারার নিরিখে বিরাট কোহলির কীর্তিও স্পর্শ করেন প্রিয়াংশ। ২০০৯ সালে নমন ওঝা ডারবানে কেকেআরের বিরুদ্ধে প্রথম বলে ছয় মারেন। ২০১৯ সালে বিরাট কোহলি রাজস্থান রয়্যালস ম্যাচে সেই নজির স্পর্শ করেন। গত বছর কেকেআরের ফিল সল্ট কলকাতায় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম বলে ছয় মারেন। গতকাল সেই তালিকায় নাম তুললেন প্রিয়াংশ।












Click it and Unblock the Notifications