IPL 2025: আইপিএল বিনা পয়সায় দেখার দিন শেষ! নতুন প্ল্যান ঘোষণা করল রিলায়েন্স জিও
IPL 2025: মোবাইলে চোখ রেখে বিনা পয়সায় আইপিএল দেখার দিন শেষ। এবার থেকে আইপিএলের ম্যাচগুলি দেখতে হবে ব্যয় করতে হবে অর্থ।
২০২৩ ও ২০২৪ সালে আইপিএল জিও গ্রাহকরা বিনামূল্যেই দেখতে পেরেছেন। জিওসিনেমা অ্যাপে তা দেখা যেত। কিন্তু এবার আর তা হবে না।

দুই বছর ধরে চলা আইপিএলের ফ্রি স্ট্রিমিং এবারই বন্ধ হতে চলেছে। এ কথা রিলায়েন্স জিওর তরফে আজই ঘোষণা করা হয়েছে। রিলায়েন্স ও ডিজনি মিশে যাওয়ায় তৈরি হয়েছে জিওহটস্টার স্ট্রিমিং প্ল্যাটফর্ম। তার জন্যই নতুন প্ল্যান আনল রিলায়েন্স জিও।
জিও সিম ব্যবহারকারীদের জিওহটস্টারে খেলা দেখতে হলে ২৯৯ টাকা দিয়ে রিচার্জ করাতে হবে। রিলায়েন্স ও ডিজনির মার্জারের সময়ই জানা গিয়েছিল যে, আইপিএল আর বিনামূল্যে জিওসিনেমা অ্যাপে দেখা যাবে না। সেটাই এবার সত্যি হলো।
তবে এই ২৯৯ টাকার প্ল্যানে বিশেষ পরিষেবাও মিলবে। ৫০ দিনের ট্রায়ালে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের সুবিধা পাবেন জিও গ্রাহকরা। এতে হোম ইন্টারনেট ব্যবহার করে হাই-স্পিড স্পোর্টস স্ট্রিমিং ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন বলে জানা গিয়েছে।
প্রতি বছরই আইপিএল দেখেন কয়েক কোটি মানুষ। অ্যাপে খেলা দেখার দর্শকও বৃদ্ধি পাচ্ছে উল্লেখযোগ্যভাবে। সে কারণেই টিভি ও ডিজিটাল রাইটস রেকর্ড দরে বিক্রি হয়েছে। এবার রিলায়েন্স জিও কিছু কনটেন্ট রাখছে বিনামূল্যেই। তবে তার বাইরে কিছু দেখতে হলেই গুনতে হবে টাকা, নিতে হবে সাবস্ক্রিপশন।
যেভাবে ক্রিকেট টুর্নামেন্টের স্বত্ত্ব কিনতে আগ্রাসীভাবে ঝাঁপিয়েছিল মুকেশ আম্বানির সংস্থা, তাতেই সংশয় তৈরি হচ্ছিল কতদিন আর ফ্রি-তে খেলা দেখা যাবে তা নিয়ে। রিলায়েন্স-ডিজনির যৌথ ভেঞ্চার সাম্প্রতিককালে ১০ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে। এই সংস্থা দুটির চুক্তির ফলে তা বিনোদন মাধ্যমে দেশের বৃহত্তম শক্তিতে পরিণত হয়েছে। চ্যানেল ও স্ট্রিমিং প্ল্যাটফর্মের সম্মিলিত সংখ্যা শতাধিক। মিডিয়া ও এন্টারটেনমেন্ট মার্কেট ভ্যালু ২৮ বিলিয়ন মার্কিন ডলারের।












Click it and Unblock the Notifications