IPL 2025: নিলাম তালিকায় আছেন অ্যান্ডারসন, নেই আর্চার, নাম লেখালেন না অজি তারকা
শুক্রবার বিসিসিআইয়ের পক্ষ থেকে আইপিএল নিলামের জন্য ৫৭৪ জন ক্রিকেটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় আছেন ৩৬৬ জন ভারতীয় ক্রিকেটার এবং ২০৮ জন বিদেশি ক্রিকেটার। তবে বিদেশি ক্রিকেটারদের তালিকায় বেশ কিছু উল্লেখোগ্য বিষয় তুলে ধরা হল এই প্রতিবেদনে।
ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে নিলাম তালিকায় নাম রয়েছে জেমস অ্যান্ডারসনের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও এখনও ২২ গজে নিজেকে প্রমাণ করতে মরিয়া জিমি। দল পাওয়ার আশায় নিলামে আগেই নাম লিখিয়েছিলেন ইংল্যান্ড দলের প্রাক্তন পেসার। ফ্র্যাঞ্চাইজিগুলির যে তাঁকে নিয়ে আগ্রহ আছে সেটা প্রমাণিত হল শুক্রবার সন্ধ্যায়। কারণ নিলামের চূড়ান্ত তালিকাতে নাম আছে অ্যান্ডারসনের।

মূলত ১০ দলের চাহিদার ভিত্তিতেই এই তালিকা প্রস্তুত করেছে বিসিসিআই। জেমস অ্যান্ডারসনের নূ্ন্যতম মূল্য নির্ধারিত হয়েছে ১.২৫ কোটি টাকা। ৪২ বছর বয়সী জিমিকে নিয়ে নিলামে বাড়তি আগ্রহ থাকবে। টি২০ আন্তর্জাতিকে ৪৪ ম্যাচে ৪১ উইকেট নিয়েছেন জিমি।
অন্যদিকে অ্যান্ডারসনের নাম থাকলেও তাৎপর্যপূর্ণভাবে নিলাম তালিকায় নাম নেই ইংল্যান্ডের আরও এক তারকা পেসার জোফ্রা আর্চারের । চোটের সমস্যার মধ্যে রয়েছেন আর্চার। কনুইয়ের চোট তাঁকে বিগত কয়েক বছর ধরেই নানা সমস্যায় ফেলছে। কিন্তু চোটের সমস্যা কাটিয়ে সাদা বলের ক্রিকেটে ফিরেছেন। কিন্তু তাঁকে নিয়ে আগ্রহই দেখাল না কোনও ফ্র্যাঞ্চাইজি। ফলে নিলাম তালিকায় ব্রাত্যজন হয়ে গেলেন ইংল্যান্ডের তারকা পেসার।
অন্যদিকে আইপিএল নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করলেন না অস্ট্রেলিয়ান তারকা ক্যামেরন গ্রিন। সম্প্রতি তাঁর অস্ত্রোপচার হয়েছে। আপাতত কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে গ্রিনকে। তাঁর পক্ষে আইপিএল খেলা সম্ভব নয়, এই পরিস্থিতি সতর্কতা অবলম্বন করেই নাম প্রত্যাহার করে নিলেন।












Click it and Unblock the Notifications