IPL 2025: ধোনিবাহিনীকে চূর্ণ করে তিনে পৌঁছে গেল কেকেআর, চিপকে হারের হ্যাটট্রিক চেন্নাই সুপার কিংসের
IPL 2025: আইপিএলে চেন্নাই সুপার কিংস নিজেদের ঘরের মাঠে টানা তিনটি ম্যাচ হারল। আরসিবি, দিল্লি ক্য়াপিটালসের পর এবার কেকেআরের কাছে।
মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে চিপকে যে পিচে খেলে জিতেছিল সিএসকে, আজ সেই উইকেটেই খেলা হলো। মন্থর পিচে আগাগোড়া দাপট দেখিয়ে একপেশে জয় ছিনিয়ে নিল অজিঙ্ক রাহানের কেকেআর।

টস জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাট করতে পাঠায় কলকাতা নাইট রাইডার্স। সিএসকে তোলে ৯ উইকেটে ১০৩। যা তাদের কেকেআরের বিরুদ্ধে দলগত সর্বনিম্ন স্কোর। চিপকেও। টি২০-তে এটি চেন্নাই সুপার কিংসের তৃতীয় সর্বনিম্ন স্কোর।
শিবম দুবে ২৯ সর্বাধিক ৩১ রানে অপরাজিত থাকেন। বিজয় শঙ্কর দুবার জীবন পেয়েও ২১ বলে ২৯-এর বেশি করতে পারেননি। রাহুল ত্রিপাঠী ২২ বলে ১৬ ও ডেভন কনওয়ে ১১ বলে ১২ রান করেন।
রাচিন রবীন্দ্র ৪, রবিচন্দ্রন অশ্বিন ১, রবীন্দ্র জাদেজা শূন্য, ইমপ্যাক্ট সাব দীপক হুডা শূন্য রানে সাজঘরে ফেরেন। নয়ে নেমে সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৪ বলে ১ রান করে সুনীল নারিনের তৃতীয় শিকার হলেন। নূর আহমেদ করেন ৮ বলে ১। অংশুল কম্বোজ তিন বলে তিন রানে অপরাজিত থাকেন।
সুনীল নারিন ৪ ওভারে ১৩ রান দিয়ে তিনটি উইকেট দখল করেন। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২২, হর্ষিত রানা ৪ ওভারে ১৬ রান দিয়ে ২টি করে উইকেট নেন। বৈভব অরোরা ৪ ওভারে ৩১ ও মঈন আলি ১টি মেডেন-সহ ৪ ওভারে ২০ রান খরচ করে ১টি করে উইকেট পেলেন।
পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে ২০টি ডট বল ছিল চেন্নাই সুপার কিংস ইনিংসে। সিএসকে ইনিংসে মোট ডট বলের সংখ্যা ৬১। চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা ৮টি চার ও ১টি ছয় মেরেছেন। অষ্টম ওভারে একটি চার মারার পর পরবর্তী চারের জন্য সিএসকেকে অপেক্ষা করতে হয় ৬৪টি বল, চারের খরা মেটে ১৯তম ওভারে।
কেকেআরের স্পিনাররা মোট ১২ ওভার বল করেছেন, ১টি মেডেন, ৫৫ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৬ উইকেট। চেন্নাই সুপার কিংস প্রথম ৬ ওভারে তোলে ২ উইকেটে ৩১। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ৫ উইকেট খুইয়ে ৪৩। শেষ পাঁচ ওভারে ২৯, দুই উইকেট হারিয়ে।
জবাবে খেলতে নেমে আগ্রাসী ব্যাটিং শুরু করে কেকেআর। ৪.১ ওভারে ৪৬ রানের মাথায় ভাঙে ওপেনিং জুটি। কুইন্টন ডি কক তিনটি ছয়ের সাহায্যে ১৬ বলে ২৩ রান করে অংশুল কম্বোজের বলে বোল্ড হন। এরপর দলকে জয়ের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন নারিন ও অজিঙ্ক রাহানে।
পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারে কেকেআরের স্কোর গিয়ে দাঁড়ায় ১ উইকেটে ৭১ রানে। সুনীল নারিন সেই সময় অবধি ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৩ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন। রাহানে ১টি করে চার ও ছয়ের সাহায্যে ৮ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন।
44 off 18 while chasing 104! 🙌#SunilNarine showed his class tonight, putting #KKR in the driver's seat in the run chase! 👏
— Star Sports (@StarSportsIndia) April 11, 2025
Watch the LIVE action ➡ https://t.co/YPwDLdrTqi #IPLonJioStar 👉 #CSKvKKR | LIVE NOW on Star Sports Network & JioHotstar! pic.twitter.com/8Mqqwifxe5
সপ্তম ওভারটি করতে যান রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় ও চতুর্থ বলে পরপর ছক্কা হাঁকান নারিন। অষ্টম ওভারের প্রথম বলে নারিনকে বোল্ড করে দেন নূর আহমেদ। নারিন ২টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে করেন ১৮ বলে ৪৪। ৮৫ রানে পড়ে কেকেআরের দ্বিতীয় উইকেট।
কেকেআর এদিন চারে নামাল রিঙ্কু সিংকে। চেন্নাই সুপার কিংসের ফিল্ডিংও মোটেই ভালো হয়নি। অশ্বিনের বলে রাহানের ক্যাচ ফেলেন বিজয় শঙ্কর। কেকেআর জয়ের লক্ষ্যে পৌঁছে গেল একাদশ ওভারেই।
১০.১ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর। ৫৯ বল বাকি থাকতে জয় ৮ উইকেটে। রাহানে ১৭ বলে ২০ ও রিঙ্কু ১২ বলে ১৫ রানে অপরাজিত থাকেন। দুজনেই ১টি করে চার ও ছয় মেরেছেন।
অংশুল কম্বোজ ২ ওভারে ১৯ ও নূর আহমেদ ২ ওভারে ৮ রান দিয়ে ১টি করে উইকেট নিলেন। খলিল আহমেদ ৩ ওভারে দেন ৪০। অশ্বিন তিন ওভারে ৩০। জাদেজা ১ বলে ৯ রান।
এই জয়ের ফলে কেকেআর উঠে এলো পয়েন্ট তালিকার তিনে। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে। এই ম্যাচের আগে অবধি কেকেআরের নেট রান রেট ছিল মাইনাস (-)০.০৫৬। জেতার পর তা হলো ০.৮০৩। চেন্নাই সুপার কিংস নয়েই রইল। ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে। নেট রান রেট মাইনাস (-) ১.৫৫৪।












Click it and Unblock the Notifications