IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্স তারকাখচিত, শক্তিশালীও! বিদেশিদের মধ্যে নতুন মুখেরাই সেরা ১২ বাছাইয়ে বড় চ্যালেঞ্জ
IPL 2025: চেন্নাই সুপার কিংস আর মুম্বই ইন্ডিয়ান্স- ২ দলই আইপিএল খেতাব জিতেছে ৫ বার করে। এই দুই দলের কাছেই ষষ্ঠবার খেতাব রেকর্ড দখলের হাতছানি।
মুম্বই ইন্ডিয়ান্স কয়েকটি মরশুমের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর। এবার তারা শক্তিশালী দলই গড়েছে। বেশ কয়েকজন নতুন মুখ হতে পারেন আইপিএলের বড় চমক।

আইপিএল নিলামের আগে মুম্বই ইন্ডিয়ান্স ধরে রেখেছিল হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা ও তিলক বর্মাকে। দলে একদিকে যেমন দেশের ১ নম্বর পেসার রয়েছেন, তেমনই মিডল অর্ডারও যথেষ্টই শক্তিশালী।
রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন রায়ান রিকেলটন। তবে দক্ষিণ আফ্রিকার এই উইকেটকিপার আইপিএলে খেলেননি। ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার ছাড়া বাকি বিদেশিদের মধ্যে কেউ আইপিএলে সেভাবে পরীক্ষিত নয়, কেউ নিয়মিত একাদশে ঠাঁইও পাননি।
তবে মুম্বই ইন্ডিয়ান্স ভরসা রেখেছে ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকস, জোরে বোলার রিস টপলি, দক্ষিণ আফ্রিকার পেসার লিজাড উইলিয়ামসের উপর। কেকেআরে একটিও ম্যাচ না খেলা আফগানিস্তানের স্পিনার আল্লাহ গজনফারকে নিলামে চমক দিয়ে তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সাফল্যের সুযোগে মুম্বই ইন্ডিয়ান্সে ঢুকে পড়েছেন বেভান-জন জ্যাকবস। যিনি মিডল অর্ডারে ব্যাট করেন। গত মরশুমের সুপার স্ম্যাশে নজর কেড়েছিলেন। কুইন্সল্যান্ড টি২০ ম্যাক্সে সাউথ ব্রিসবেনের হয়ে ৪০ বলে ১০০ করেছিলেন। সকালে ঘুম থেকে উঠে জেনেছেন আইপিএলে দল পাওয়ার কথা।
মুম্বই ইন্ডিয়ান্সে ব্যাটার হিসেবে রয়েছেন সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, তিলক বর্মা ও বেভান-জন জ্যাকবস। উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন রবিন মিঞ্জ, রায়ান রিকেলটন, কৃষ্ণান শ্রীজিৎ। পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া, রাজ অঙ্গদ বাওয়া।
স্পিন বোলিং অলরাউন্ডারদের মধ্যে হার্দিকের নেতৃত্বাধীন দলে রয়েছেন নমন ধীর, উইল জ্যাকস, বিগ্নেশ পুথুর। স্পিনার রয়েছেন আল্লাহ গজনফার, কর্ণ শর্মা, মিচেল স্যান্টনার। জোরে বোলিং বিভাগে বুমরাহ ছাড়াও আছেন দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, অশ্বনী কুমার, রিস টপলে, সত্যনারায়ণ রাজু, অর্জুন তেন্ডুলকর ও লিজাড উইলিয়ামস।
৮ বিদেশি-সহ ২৩ জনের দল গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ইমপ্যাক্ট প্লেয়ার-সহ সেরা সম্ভাব্য ১২- রোহিত, রিকেলটন, তিলক, সূর্য, জ্যাকস, হার্দিক (অধিনায়ক), নমন বা মিঞ্জ, চাহার, গজনফার বা স্যান্টনার, কর্ণ, বুমরাহ, বোল্ট।
মুম্বই ইন্ডিয়ান্স শেষবার আইপিএল খেতাব জিতেছে ২০২০ সালে। তার পরের দুই মরশুম ও চলতি বছর প্লে-এফে যেতে পারেনি। ২০২৩ সালে প্লে-অফে গেলেও খেতাব জেতার লক্ষ্যপূরণ হয়নি।












Click it and Unblock the Notifications