IPL 2025: ধোনির ঘরের দরজা খোলাই থাকে, সেখানে গিয়ে...! চেন্নাই সুপার কিংসের অভ্যন্তরের কথা ফাঁস
IPL 2025: আইপিএলে কাল অভিযান শুরু করছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের চিপকে মহেন্দ্র সিং ধোনিদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স।
কালকের ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে টস করতে যাবেন সূর্যকুমার যাদব। তবে সব কিছুর ঊর্ধ্বে আগ্রহ মহেন্দ্র সিং ধোনিকে নিয়েই।

২০২০ ও ২০২১ সালে চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন স্যাম কারান। তাঁকে এবার ফিরিয়ে এনেছে সিএসকে। ইংল্যান্ডের এই অলরাউন্ডার মগেন্দ্র সিং ধোনিকে দেখে সবচেয়ে বেশি অবাক। স্কাই ক্রিকেটে নাসের হুসেনকে দেওয়া সাক্ষাৎকারে অজানা কথা জানালেন কারান।
কারান বলেন, একদিন রাত সাড়ে ১১টায় আমি ব্যাট করছিলাম মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজার সঙ্গে। শুধু ভাবছিলাম বিশ্বের আর কোথায় এমনটা করা সম্ভব? লাইট জ্বলছিল। আমরা নানাদিকে বল পাঠাচ্ছিলাম। স্থানীয় ক্রিকেটাররা সকলেই মন্ত্রমুগ্ধের মতো দেখছিলেন ধোনিকে। এভাবেই তিনি সকলকে আবিষ্ট করতে পারদর্শী।
মহেন্দ্র সিং ধোনির কাছে সব সতীর্থ যে সহজভাবে পৌঁছে যেতে পারেন সে কথাও উঠে এসেছে কারানের বক্তব্যে। ধোনি শান্ত ও সহজভাবে যেমন করে সতীর্থদের সঙ্গে কথা বলেন তাতে মুগ্ধ কারান। কারান জানিয়েছেন, খুব বড় মুহূর্তেও ধোনি কখনও প্যানিক করেন না।
Sam Curran talking about MS Dhoni's aura. 🐐⭐pic.twitter.com/Y5lcgDVxlq
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 21, 2025
মাঠের ভিতরে তো ধোনিকে সকলেই দেখতে পারেন। কেউ স্টেডিয়ামে বসে। কেউ বা টিভিতে। কিন্তু মাঠের বাইরে ধোনি কেমন? সে বিষয়েও আলোকপাত করেছেন কারান। তিনি জানিয়েছেন, ধোনির মুখ দেখে কেউ আবেগ আঁচ করতে পারবেন না। বহিঃপ্রকাশ কখনও দেখা যায় না।
কারান বলেন, হোটেলেও ধোনি সকলের সঙ্গে কথা বলেন। সকলের জন্য ধোনির অবারিত দ্বার। ধোনির হোটেলের ঘরের দরজা বন্ধ থাকে না। ফলে সকলেই তাঁর কাছে যখন ইচ্ছে যান। ফিফা গেম খেলেন। ক্রিকেট নিয়েও কথা হয়। তবে ঘরের বাইরে বিশেষ ধোনি বেরোন না। তার কারণ, তাঁকে দেখলেই ভিড় জমে যায়। সেই ভিড় থেকে নিজেকে দূরেই রাখেন মাহি।












Click it and Unblock the Notifications