IPL 2025: বাংলার ক্রিকেটারদের ভরসা হতে চলেছে আইপিএল নিলামই! মাত্র একজনকে ধরে রাখা হতে পারে
IPL 2025: আইপিএলে বাংলার ক্রিকেটারদের ভরসা হতে চলেছে নিলামই। বাংলার ক্রিকেটাররা যে চারটি দলে ছিলেন তাঁদের সকলকে, কিংবা প্রায় সকলকেই ছেড়ে দেওয়া হতে পারে।
শুধুমাত্র একজন ক্রিকেটারকেই রেখে দেওয়া হতে পারে। যদিও ম্যানেজমেন্ট থেকে কোচিং স্টাফ বদলানোয় সেই গ্যারান্টিও নেই।

আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলেছেন মহম্মদ শামি ও ঋদ্ধিমান সাহা। যদিও চোটের কারণে শামি চলতি বছর আইপিএলে খেলতে পারেননি। ঋদ্ধিও চোট বা টিম কম্বিনেশনের কারণে এবারের আইপিএলে সব ম্যাচে খেলতে পারেননি। এই দুই ক্রিকেটারের নাম গুজরাত টাইটান্সের রিটেনশন লিস্টে থাকছে না বলেই খবর।
ভারতীয় টেস্ট দলে থাকা আকাশ দীপকে ছেড়ে দিতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আকাশ দীপ তিন বছর আরসিবিতে কাটিয়ে মাত্র ৮টি ম্যাচ খেলেছেন। ২০২২ সালে পাঁচটি, সেবার পাঁচ উইকেট নেন। ২০২৩ সালে ২ ম্যাচে এবং চলতি বছর ১ ম্যাচে ১টি করে উইকেট নেন। গত ফেব্রুয়ারিতে আকাশের অভিষেক হয় ভারতের টেস্ট দলে।
শাহবাজ আহমেদ ২০২০ থেকে ২০২৩ অবধি আরসিবিতে ছিলেন। ট্রেডিংয়ের মাধ্যমে বাংলার অলরাউন্ডারকে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। শাহবাজ ২০২২ সালে প্রথম ভারতীয় দলের হয়ে একদিনের আন্তর্জাতিক খেলেন। গত বছর টি২০ আন্তর্জাতিক অভিষেক হয়।
আকাশের মতো শাহবাজও আর আনক্যাপড নন। ফলে তাঁদের অন্তত ১১ কোটি টাকা দিয়ে ধরে রাখতে চাইছে না কোনও দলই। শাহবাজ চলতি বছর আইপিএলে ১৬ ম্যাচে ২১৫ রান করার পাশাপাশি সাতটি উইকেট নেন। শাহবাজ এখন ভারতীয় দলেও সুযোগ পাচ্ছেন না। তাঁকেও নিলামের দিকেই তাকিয়ে থাকতে হবে।
দিল্লি ক্যাপিটালসে বাংলার মুকেশ কুমার ও অভিষেক পোড়েলের ভবিষ্যৎ নিয়ে চর্চা তুঙ্গে। গত বছর ভারতের তিন ফরম্যাটেই অভিষেক হয় মুকেশের। ফলে তাঁকে ধরে রাখতে অন্তত ১১ কোটি টাকা খরচ করতে হবে দিল্লি ক্যাপিটালসকে। মুকেশও কয়েক মাস ধরে ভারতের একাদশে থাকছেন না।
বিশেষ করে গৌতম গম্ভীর ভারতের হেড কোচ হওয়ার পর থেকে মুকেশের জায়গা হচ্ছে না ভারতের চূড়ান্ত এগারোয়। পরিস্থিতি যেদিকে এগিয়ে যাচ্ছে, তাতে মুকেশকে ধরে রাখবে না দিল্লি। মুকেশ ২০২৩ ও ২০২৪ সালের আইপিএলে দিল্লির হয়ে ১০টি করে ম্যাচ খেলে যথাক্রমে সাতটি ও তিনটি উইকেট দখল করেন।
একমাত্র আনক্যাপড অভিষেক পোড়েলকে দিল্লি ক্যাপিটালস ধরে রাখতে পারে। অভিষেক ২০২৩ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৪টি ম্যাচ খেলেন। ৩৩ রান করেছিলেন। কিন্তু চলতি বছর আইপিএলে তিনি ১৪ ম্যাচের ১২ ইনিংসে ২টি হাফ সেঞ্চুরি-সহ ৩২৭ রান করেছেন। ঋষভ পন্থ কিপিং করলেও দলে ছিলেন ঝোড়ো ব্যাটিংয়ে পারদর্শী বাংলার উইকেটকিপার।
পোড়েল এখন ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন। চলতি বছর আইপিএলে তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৫৯.৫১। ফলে আনক্যাপড ক্রিকেটার হিসেবে পোড়েলকে ধরে রাখা নিয়ে ভাবনাচিন্তা চালাচ্ছেন দিল্লি ক্যাপিটালস কর্তারা। পন্থ দিল্লিতে না থাকলে তাঁদের উইকেটকিপারও খুঁজতে হবে। এই আবহে পোড়েলকে রাখা হতে পারে। নচেৎ বাংলার সব ক্রিকেটারেরই ভরসা হবে আইপিএল নিলাম।












Click it and Unblock the Notifications