IPL 2025: ভারতের তারকা পেসারকে ছেড়ে দিতে পারে আরসিবি, বিরাটের সঙ্গে কাদের নাম থাকবে রিটেনশন লিস্টে?
IPL 2025: আর কয়েক ঘণ্টার প্রতীক্ষা। বিকেলেই স্পষ্ট হয়ে যাবে আইপিএল নিলামের আগে কোন দল কাদের ধরে রাখল। সমস্ত দলের সম্ভাব্য রিটেনশন তালিকা নিয়ে চর্চা চলছে।
আরসিবি একবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি। বিরাট কোহলি আসন্ন মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হতে পারেন বলে চর্চা রয়েছে। আরসিবি নিলাম থেকেই দল ঢেলে সাজাবে বলে খবর।

আরসিবি মাত্র তিন ক্রিকেটারকে ধরে রাখবে বলেই খবর। প্রথম পছন্দের নাম নিয়ে কারও সংশয় নেই। বিরাট কোহলি ২০০৮ সাল থেকে আইপিএল খেলছেন আরসিবিতে। সেই ধারাই বজায় রাখতে চান কেরিয়ারের শেষ আইপিএল পর্যন্ত। তবে বিরাটের সঙ্গে রিটেনশন লিস্টে কাদের নাম থাকবে তা নিয়েই জল্পনা তুঙ্গে।
গতকাল আরসিবি সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের মতামত জানতে চেয়ে ক্রসওয়ার্ড পাজল দিয়েছিল। সেখানে অনেক ক্রিকেটারেরই নাম রয়েছে। তবে ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ আরসিবি তিনজনের বেশি প্লেয়ার ধরে রাখবে না। প্রয়োজনে নিলামে বেশিরভাগ রাইট টু ম্যাচ কার্ড প্রয়োগ করবে।
২০১৮ সাল থেকে আরসিবির হয়ে আইপিএল খেলছেন মহম্মদ সিরাজ। ২০২২ সালের মেগা নিলামের আগেও তাঁকে ধরে রেখেছিল আরসিবি। যদিও সিরাজের নাম রিটেনশন লিস্টে থাকছে না বলেই দাবি ক্রিকবাজের। আইপিএলে ৯৩ ম্যাচে ৯৩ উইকেট রয়েছে সিরাজের। তার মধ্যে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৬ ম্যাচে ১০টি। বাকি সব আরসিবির হয়ে।
২০২৩ ও ২০২৪ সালের আইপিএলে সিরাজ আরসিবির হয়ে ১৪টি করে ম্যাচ খেলে যথাক্রমে ১৯ ও ১৫ উইকেট নিয়েছিলেন। সিরাজকে রাখতে গেলে আরসিবিকে অন্তত ১১ কোটি টাকা খরচ করতে হতো। মনে করা হচ্ছে, নিলাম থেকে আরটিএম কার্ড ব্যবহার করে সিরাজকে ফেরানো হতে পারে।
ক্যামেরন গ্রিনকে ধরে রাখার পরিকল্পনা ছিল আরসিবির। তবে অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারের চোট রয়েছে। অপারেশন জরুরি। সে কারণে মাস ছয়েক মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে গ্রিন অনিশ্চিত আইপিএলেও। সে কারণে তাঁকে ধরে রাখা হচ্ছে না।
ক্রিজবাজের প্রতিবেদনে উল্লেখ বিরাট কোহলির পাশাপাশি রজত পাটীদার ও আনক্যাপড যশ দয়ালকে ধরে রাখতে চলেছে আরসিবি। দয়াল ২০২২ ও ২০২৩ সালে গুজরাত টাইটান্সে ছিলেন। তবে চলতি বছর আরসিবির হয়ে ১৪ ম্যাচে ১৫ উইকেট নেন।
রজত পাটীদার ২০২১, ২০২২ ও ২০২৪ সালে আইপিএল খেলেছেন আরসিবির হয়ে। পাটীদার ভারতের হয়ে তিনটি টেস্ট ও একটি একদিনের আন্তর্জাতিকও খেলেছেন। ফলে দ্বিতীয় পছন্দের ক্যাপড প্লেয়ার হিসেবে তাঁকে ১৪ কোটি টাকায় রাখতে পারে আরসিবি। ২০২১ সালে ৪ ম্যাচে ৭১, ২০২২ সালে ৮ ম্যাচে ৩৩৩ ও ২০২৪ সালের আইপিএলে পাটীদার ১৫ ম্যাচে ৩৯৫ রান করেন। ২০২২ সালে আইপিএলে শতরানও রয়েছে তাঁর।












Click it and Unblock the Notifications