IPL 2025: আইপিএল মেগা নিলামের জন্য নাম লেখালেন দেড় হাজারের বেশি ক্রিকেটার, সিংহভাগই ভারতীয়
IPL 2025: আইপিএলের নিলাম চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ অনুষ্ঠিত হবে জেদ্দায়। আইপিএলের ১০টি দল ইতিমধ্যেই মোট ৪৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে।
কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস ৬ করে ক্রিকেটারকে ধরে রাখার কোটা পূরণ করেছে। পাঞ্জাব কিংস ধরে রেখেছে মাত্র ২ জনকে। যদি সব দল ২৫ জন করে ক্রিকেটার নিতে চায়, তাহলে নিলামে দল পাবেন ২০৪ জন।

বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, আইপিএল নিলামে ভাগ্য পরীক্ষার জন্য ১,৫৭৪ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। তাঁদের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সংখ্যা ১,১৬৫ জন। ৪০৯ জন বিদেশি ক্রিকেটার আইপিএলে দল পাওয়ার আশায় নিজেদের নাম নথিবদ্ধ করিয়েছেন।
এই ১,৫৭৪ জন ক্রিকেটারের মধ্যে ক্যাপড বা আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্লেয়ারের সংখ্যা ৩২০ জন। আনক্যাপড প্লেয়ার রয়েছেন ১,২২৪ জন। অ্যাসোসিয়েট দেশগুলি থেকে ৩০ জন ক্রিকেটার নাম নথিবদ্ধ করিয়েছেন। তবে শেষ অবধি নিলামে কতজনের নাম উঠবে তা এখনই স্পষ্ট নয়।
ক্যাপড ক্রিকেটারদের মধ্যে ভারতীয় রয়েছেন ৪৮ জন। আন্তর্জাতিক ক্রিকেট খেলা বিদেশিদের মধ্যে ২৭২ জন নাম লিখিয়েছেন। আগে আইপিএল খেলা আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে ১৫২ জন নাম নথিবদ্ধ করিয়েছেন ফের দল পাওয়ার প্রত্যাশায়। আগে আইপিএল খেলা আনক্যাপড বিদেশির সংখ্যা ৩ জন।
ভারতের ৯৬৫ জন আনক্যাপড প্লেয়ার আইপিএল নিলামের জন্য নাম নথিবদ্ধ করিয়েছেন। আনক্যাপড বিদেশির সংখ্যা ১০৪ জন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকা থেকে। তারপরই অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে ইংল্যান্ড।
জানা যাচ্ছে, এই তালিকা ঝাড়াই-বাছাইয়ের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে নিলামের আগে। ১০টি দলের মতামতের ভিত্তিতেই। যে ক্রিকেটারদের কোনও দলই টার্গেট করছে না তাঁদের হতাশই হতে হবে। একনজরে দেখে নেওয়া যাক কোন দেশ থেকে কতজন বিদেশি ক্রিকেটার নাম লেখালেন:
দক্ষিণ আফ্রিকার ৯১ জন, অস্ট্রেলিয়ার ৭৬ জন ও ইংল্যান্ডের ৫২ জন ক্রিকেটার আইপিএলের দল-প্রত্যাশী। আফগানিস্তানের ২৯ জন, বাংলাদেশের ১৩ জন, কানাডার ৪ জন, আয়ারল্যান্ডের ৯ জন, ইতালির ১ জন, নেদারল্যান্ডসের ১২ জন, নিউজিল্যান্ডের ৩৯ জন, স্কটল্যান্ডের ২ জন, শ্রীলঙ্কার ২৯ জন, সংযুক্ত আরব আমিরশাহীর ১ জন, মার্কিন যুক্তরাষ্ট্রের ১০ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৩ জন ও জিম্বাবোয়ের ৮ ক্রিকেটার ৪ নভেম্বর প্লেয়ার রেজিস্ট্রেশনের ডেডলাইন শেষ হওয়া অবধি নাম লিখিয়েছেন।












Click it and Unblock the Notifications