IPL 2025: আইপিএলের আগেই গুজরাত টাইটান্সে বড় রদবদল, টোরেন্ট কিনছে সিংহভাগ মালিকানা
IPL 2025: আইপিএল শুরুর আগেই বড়সড় পরিবর্তন আসতে চলেছে গুজরাত টাইটান্সের মালিকানায়। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ, টোরেন্ট গ্রুপ ৬৭ শতাংশ শেয়ার নিতে চলেছে।
গুজরাত টাইটান্স আইপিএলে আবির্ভাবেই ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। পরের বছর রানার-আপ হয়। ২০২১ সালে এই দলটি কিনেছিল সিভিসি ক্য়াপিটাল পার্টনারস (ইরেলিয়া কোম্পানি প্রাইভেট লিমিটেড)।

যদিও ঠিক কত অঙ্কের বিনিময়ে ৬৭ শতাংশ শেয়ার ভারতীয় সংস্থা টোরেন্ট গ্রুপ নিতে চলেছে তা স্পষ্ট নয়। আইপিএল গভর্নিং কাউন্সিলের সবুজ সঙ্কেত মালিকানা ভাগাভাগি সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হয়ে যাবে। ২১ মার্চ থেকে আইপিএল শুরু। তার আগেই টোরেন্ট গ্রুপ গুজরাত টাইটান্সের সঙ্গে জুড়ে যাবে। যার সদর দফতর আবার আমেদাবাদে।
গ্লোবাল প্রাইভেট ইক্যুয়িটি ফান্ড সিভিসি ২০২১ সালে গুজরাত টাইটান্স দলটি কিনেছিল ৫৬২৫ কোটি টাকা দিয়ে। গুজরাত টাইটান্সের হোম গ্রাউন্ড বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম- আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। গত বছর আটে থেকে আইপিএল অভিযান শেষ করেছিল গুজরাতের ফ্র্যাঞ্চাইজিটি।
উল্লেখ্য, ২০২১ সালে আইপিএলের ২টি দল কেনার জন্য শেষ অবধি দৌড়ে যে ৯টি সংস্থা ছিল তার অন্যতম ছিল টোরেন্ট গ্রুপের টোরেন্ট স্পোর্টস ভেঞ্চারস প্রাইভেট লিমিটেড। টোরেন্ট আমেদাবাদের দলের জন্য দর দিয়েছিল ৪৬৫৩ কোটি এবং লখনউয়ের জন্য দর দেয় ৪৩৫৬ কোটি টাকা।
যদিও সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ লখনউ ও সিভিসি আমেদাবাদের দল কেনে, যে দুটি দলের নাম দেওয়া হয় লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স। ২০২৩ সালে টোরেন্ট ডব্লিউপিএলের দল কিনতে চেষ্টা চালালেও শেষ অবধি নিতে পারেনি।
টোরেন্ট গ্রুপের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এই সংস্থার ভ্যালুয়েশন ৪১ হাজার কোটি টাকা। দেশের অন্যতম সেরা মাল্টিন্যাশনাল কোম্পানির অধীনস্থ টোরেন্ট পাওয়ার ও টোরেন্ট ফার্মার সুখ্যাতিও রয়েছে। টোরেন্ট গ্রুপের চেয়ারম্যান সুধীর মেহতার পুত্র জিনাস মেহতা আইপিএলে লগ্নির বিষয়টি দেখছেন বলে জানা গিয়েছে। শুভমান গিল, রশিদ খানদের রেখে এবার জস বাটলার, মহম্মদ সিরাজদের নিয়ে দল শক্তিশালী করেছে গুজরাত টাইটান্স।












Click it and Unblock the Notifications