IPL 2025: জাহিরের রিপোর্টেই লখনউ দল থেকে ছাঁটাই হচ্ছেন রাহুল! নতুন অধিনায়কের দৌড়ে কে?
চলতি মাসের শেষেই আগামী মরশুমের জন্য ধরে রাখা ক্রিকেটারদের তালিকা বিসিসিআইয়ের কাছে জমা করতে হবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে। হাতে মাত্র কয়েকদিন মাত্র সময়, বিসিসিআইয়ের নয়া নিয়ম মেনেই আইপিএলের ১০ দল তৈরি করছে রণকৌশল। ব্যতিক্রম নয় লখনউ সুপার জায়ান্টসও। তাদের অধিনায়ক কেএল রাহুলকে নিয়ে চর্চা চলছে ২০২৪ সালের আইপিএল শেষের পরই।
আগামী মরশুমে কেএল রাহুলকে কি লখনউ দলের জার্সিতে খেলতে দেখা যাবে? সঞ্জীব গোয়েঙ্কার দল নিলামের আগে ধরে রাখবে রাহুলকে? এই সংক্রান্ত নানাবিধ প্রশ্ন ঘোরাফেরা করছিল। অবশেষে রাহুলকে লখনউ টিম ম্যানেজমেন্টের ভাবনা প্রকাশ্যে এল। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের তথ্য অনুসারে কেএল রাহুলকে ছেড়ে দিচ্ছে লখনউ সুপার জায়ান্টস।

গত মরশুমে রাহুলের পারফরম্যান্স বিশ্লেষণ করেছেন দলের নতুন মেন্টর জাহির খান এবং কোচ জাস্টিন ল্যাঙ্গার। সেই বিশ্লেষণে দলের বেশিরভাগ ম্যাচ হারের জন্য রাহুলের ব্যাটিংকেই দায়ী করা হয়েছে। সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে এক সূত্র জানিয়ছেন, মেন্টর জহির খান এবং কোচ জাস্টিন ল্যাঙ্গার সহ এলএসজি ম্যানেজমেন্ট রাহুলের পরিসংখ্যান বিশ্লেষণ করেছেন, এটি উঠে এসেছে রাহুলের দীর্ঘ সময় ধরে ব্যাটিংই গত মরশুমে লখনউ দলের বেশির ভাগ ম্যাচ হারের অন্যতম কারণ।
এটি ইঙ্গিত দেয় যে তাঁর স্ট্রাইক রেট আইপিএলের সঙ্গে মেলে না। আইপিএলের মতো খেলায় দ্রুত রান তুলতে হয়, সেখানে রাহুলের দীর্ঘ সময় ধরে রান করার নীতি দলকে বিপদে ফেলেছে। রাহুল লখনউ সুপার জায়ান্টসে যোগ দেন ২০২২ সালের আইপিএলের আগে। ৩৮ ম্যাচে ১৪১০ রান করেছেন। ফলে ২০২৫ সালের আইপিএল নিলামের আগেই রাহুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে লখনউ দলের।
২০২৪ সালের আইপিএলে লখনউ একটি ম্যাচ হারার পর প্রকাশ্যে মাঠে দলের অধিনায়ককে বকাঝকা করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। সেই ভিডিও নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে তোলপাড় হয়েছিল। সেই জল অবশ্য বেশি দূর গড়াতে দেননি রাহুল এবং গোয়েন্কা দু'জনেই। ঘটনার পাঁচ দিন পর আইপিএলের মাঝেই দিল্লিতে নিজের বাড়িতে রাহুলকে নৈশভোজে ডেকেছিলেন লখনউয়ের মালিক।
লখনউ দল সম্ভবত আয়ূষ বাদোনি, ময়াঙ্ক যাদব, মহসিন খানকে ধরে রাখতে চলেছে। তালিকায় আছেন রবি বিষ্ণোইও। একইসঙ্গে অধিনায়ক করার জন্য ঋষভ পন্থকে দলে নিতে চাইছেন সঞ্জীব গোয়েঙ্কারা।
আরসিবি দলে আরও বেশি ভূমিপুত্রকে দেখতে চায় সে রাজ্যের সরকার। বর্তমানে কর্ণাটকের ক্রিকেটের মুখ কেএল রাহুল। ফলে আরসিবিত রাহুলের যোগদানের জল্পনা বাড়ছে।












Click it and Unblock the Notifications