IPL 2025: লখনউয়ের বিরুদ্ধে ফেভারিট গুজরাত, বৃষ্টির কথা ভেবে কেমন হবে রণকৌশল?
IPL 2025: আইপিএলে কাল ডাবল হেডার। বিকেল সাড়ে তিনটে থেকে লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের প্রতিপক্ষ গুজরাত টাইটান্স।
গুজরাত টাইটান্স আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে। লখনউ সুপার জায়ান্টসের রয়েছে ৫ ম্যাচে ৬ পয়েন্ট। তারা রয়েছে পাঁচে।

দুই দলের পারস্পরিক পাঁচটি সাক্ষাতে চারটিতে টানা জিতেছে গুজরাত টাইটান্স। গত বছর গুজরাতকে প্রথমবার হারিয়েছিল লখনউ। নিজেদের মাঠে লখনউ সুপার জায়ান্টস জিতেছিল ৩৩ রানে। ২০২২ সালে গুজরাত জেতে যথাক্রমে ৫ উইকেটে ও ৬২ রানে।
২০২৩ সালে লখনউয়ে গিয়ে লখনউ সুপার জায়ান্টসকে ৭ রানে হারিয়েছিল গুজরাত টাইটান্স। এরপর ফিরতি সাক্ষাতে আমেদাবাদে টাইটান্স লখনউয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল ৫৬ রানে। পারস্পরিক দ্বৈরথে এগিয়ে থাকার পাশাপাশি বর্তমানে ছন্দের নিরিখেও ফেভারিট হিসেবেই শুরু করবে গুজরাত।
লখনউয়ে বিকেলের দিকে সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ম্যাচের ফলাফল নির্ধারণের ক্ষেত্রে তা অন্তরায় হবে না বলেই মনে করা হচ্ছে। লখনউয়ের পিচে এবার ১৫টি উইকেট নিয়েছেন পেসাররা, স্পিনাররা নিয়েছেন ৬টি। কালকের ম্যাচে স্পিন সহায়ক, মন্থর উইকেট হয় কিনা সেটা দেখার।
𝐵𝑎ℎ𝑢𝑡 𝑦𝑎𝑎𝑟𝑎𝑛𝑎 𝑙𝑎𝑔𝑡𝑎 ℎ𝑎𝑖 🥹 pic.twitter.com/Rp8DTgWwwG
— Lucknow Super Giants (@LucknowIPL) April 11, 2025
পাঞ্জাব কিংসের কাছে হোম ম্যাচে হারের পর পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অধিনায়ক ঋষভ পন্থ ও মেন্টর জাহির খান। কালকের ম্যাচ কালো মাটির পিচে হতে পারে। বিকেলে ম্যাচ হওয়ায় কাল পিচ থেকে ফায়দা আদায় করতে পারেন স্পিনাররা।
রাজস্থান রয়্যালস ম্যাচে চার সিমার খেলিয়েছিল গুজরাত। আমেদাবাদের পিচ সিম সহায়ক হওয়ায়। তবে লখনউয়ের পিচ দেখে কোনও এক পেসারের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে খেলানো হতে পারে। লখনউ সুপার জায়ান্টস একাদশে পরিবর্তন আনবে না বলেই মনে করা হচ্ছে।
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- এইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরাণ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আবদুল সামাদ, শার্দুল ঠাকুর, আবেশ খান, আকাশ দীপ, দিগ্বেশ রাঠী। ইমপ্যাক্ট সাব- রবি বিষ্ণোই।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ- শুভমান গিল (অধিনায়ক), বি সাই সুদর্শন, জস বাটলার (উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, ওয়াশিংটন সুন্দর, রশিদ খান, আর সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ। ইমপ্যাক্ট সাব- আরশাদ খান বা কুলবন্ত খেজরোলিয়া।












Click it and Unblock the Notifications