LSG vs PBKS, IPL 2025: লখনউয়ের ঘরের মাঠে নামছে পাঞ্জাব, পন্থ বনাম শ্রেয়সের টক্করে একাদশে থাকবেন কারা?
LSG vs PBKS, IPL 2025: আইপিএলে কাল লখনউয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামছে পাঞ্জাব কিংস। ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৭টা থেকে।
লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ, আইপিএল নিলামের ইতিহাসে যাঁর দর উঠেছিল সর্বাধিক (২৭ কোটি)। পাঞ্জাবের নেতৃত্বে শ্রেয়স আইয়ার, যাঁর ২৬ কোটি ৭৫ লক্ষ টাকার দরকে পিছনে ফেলেছিলেন পন্থ। দিল্লি দলের একদা দুই সতীর্থ ফের আমনে-সামনে।

আইপিএলে এই দুই দল মুখোমুখি হয়েছে চারবার। যার মধ্যে লখনউ সুপার জায়ান্টস জিতেছে তিনবার। একবার জয় পেয়েছে পাঞ্জাব কিংস। ২০২২ সালে পুণেতে লখনউ সুপার জায়ান্টস ২০ রানে হারিয়েছিল পাঞ্জাব কিংসকে।
২০২৩ সালে লখনউয়ে পাঞ্জাব কিংস ৩ বল বাকি থাকতে ২ উইকেটে জয় আদায় করে নিয়েছিল। যদিও মোহালিতে ফিরতি সাক্ষাতে লখনউ জয় পায় ৫৬ রানে। গত বছরের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের কাছে লখনউয়ে ২১ রানে হেরেছিল পাঞ্জাব কিংস।
চলতি আইপিএলে লখনউ সুপার জায়ান্টস ২টি ম্যাচ খেলেছে। জিতেছে একটিতে, হেরেছে একটিতে। পাঞ্জাব কিংস একটি ম্যাচই খেলেছে এবং জিতেছে। পাঞ্জাব কিংস মাঠে নামছে সাতদিন পর। গত মঙ্গলবার তারা ১১ রানে হারিয়েছিল গুজরাত টাইটান্সকে।
গত বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদকে পরাস্ত করে চলতি আইপিএলে প্রথম জয়টি ছিনিয়ে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। দুই দলেই খুব বেশি রদবদলের সম্ভাবনা নেই। লখনউয়ের উইকেট সাধারণভাবে মন্থর হয়, বল উইকেটে গ্রিপ করে। স্পিনারদের সামলানো এখানে বড় চ্যালেঞ্জিং ব্যাটারদের কাছে।
Home is where our 💙 is!
— Lucknow Super Giants (@LucknowIPL) March 31, 2025
See you tomorrow 🫶 pic.twitter.com/akRzp8MYa5
লখনউ সুপার জায়ান্টসের একাদশে এইডেন মার্করাম জায়গা ধরে রাখতে পারেন কিনা সেদিকে নজর। কারণ, ওপেন করতে নেমে দক্ষিণ আফ্রিকার টি২০ অধিনায়ক ১৫ ও ১ রানের বেশি করতে পারেননি। তাঁর পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফকে খেলাতে পারে লখনউ।
মার্করামকে যদি বসানো হয়, সেক্ষেত্রে ওপেন করতে দেখা যেতে পারে ঋষভ পন্থকে। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে পন্থ ওপেন করতেন। ভারতীয় দলেও ওপেন করেছেন। ফলে পন্থ লখনউকে ব্যাটিংয়ে ভালো শুরু দিতে ওপেনার হিসেবেও নিজেকে দেখতে চাইতে পারেন।
লখনউ সুপার জায়ান্টসের জোরে বোলিং বিভাগ সামলাচ্ছেন শার্দুল ঠাকুর, আবেশ খান, প্রিন্স যাদবরা। সেখানে জোসেফকে নেওয়া হলে তাদের জোরে বোলিং বিভাগে বৈচিত্র্য আসতে পারে। পাঞ্জাব কিংস উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে নিজেদের দ্বিতীয় ম্যাচে। আজমাতুল্লাহ ওমরজাই জানিয়েছেন, তিনি ব্যাটিংয়ের উপর জোর দিচ্ছেন।
পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ- প্রভসিমরণ সিং (উইকেটকিপার), প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), শশাঙ্ক সিং, মার্কাস স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, সূর্যাংশ শেড়গে, আজমাতুল্লাহ ওমরজাই, মার্কো জানসেন, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল। ইমপ্যাক্ট সাব- বিজয়কুমার ভাইশাক বা হরপ্রীত ব্রার।
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল মার্শ, নিকোলাস পুরাণ, ডেভিড মিলার, আয়ুষ বাদোনি, আবদুল সামাদ, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই, আবেশ খান, শামার জোসেফ, দিগ্বেশ রাঠী। ইমপ্যাক্ট সাব- শাহবাজ আহমেদ।












Click it and Unblock the Notifications