IPL 2025: টানা নয় ম্যাচে জয়ের নজির কেকেআরের, ফিরে দেখা এগারো বছর আগে নাইটদের মহাকীর্তি
ভরা বসন্তে আইপিএলের উত্তাপ। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তার পরেই শুরু টি২০ লিগের মেগা শো। আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৮তম সংস্করণ। এবার উদ্বোধনী ম্যাচে খেলতে নামছে কেকেআর। ইডেনে নাইটদের প্রতিপক্ষ আরসিবি। এর আগে তিনবার আইপিএল ট্রফি জিতেছেন কেকেআর। এবার লক্ষ্য চতুর্থবার খেতাব জেতা।
আইপিএল মানেই শুধু চার-ছক্কার বন্যা নয়, একইসঙ্গে জড়িয়ে থাকে নানা রেকর্ড ও পরিসংখ্যান। ২০১২ সালের পর ২০১৪ সালে দ্বিতীয়বার আইপিএল ট্রফি জেতে কেকেআর। সেই বছর টানা নয় ম্যাচে জয় পায় নাইট ব্রিগেড। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে টানা জয়ের নিরিখে নাইটদের এই রেকর্ড কোনও দল ভাঙতে পারেনি। টানা নয় ম্যাচে কোন দলগুলিকে পরাজিত করেছিল কেকেআর? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২০১৪ সালে নাইটদের সূচনাটা একেবারেই ভালো হয়নি। কিন্তু টুর্নামেন্টের মাঝপথেই ছন্দ খুঁজে পায় গৌতম গম্ভীরের দল। টানা নয় ম্যাচ জিতে টুর্নামেন্টে চ্যাম্পিয়নের শিরোপা পায় কেকেআর। দ্বিতীয়বার ট্রফি তোলেন অধিনায়ক গৌতম গম্ভীর। ২০১৪ সালে লোকসভা ভোটের কারণে আইপিএলের প্রথম দিকে ম্যাচগুলি হয়েছিল আবু ধাবি, শারজাতে। কিন্তু দেশে ফিরতেই ছন্দ খুঁজে পায় নাইট ব্রিগেড। প্রায় বিদায়ের দুয়ার থেকে চ্যাম্পিয়ন হয়ে নতুন রূপকথার সৃষ্টি করে কেকেআর।
প্রতিযোগিতার ৮ নম্বর ম্যাচ থেকে জয় যাত্রার সূচনা হয়েছিল কেকেআরের। টানা নয় ম্যাচ জয়ের প্রথম ম্যাচে কেকেআর হারিয়েছিল দিল্লি দলকে। সেই ৬৯ রান করে ম্যাচের সেরা হন গৌতম গম্ভীর। ৮ উইকেটে জয় পায় কেকেআর। এরপর কটকে কিংস ইলেভেন পাঞ্জাবকেও ৯ উইকেটে হারিয়েছিল নাইটরা। ৬৩ রান করে ম্যাচের সেরা হন গম্ভীর।
দশম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ১০ উইকেটে পরাজিত করে কেকেআর। ৫২ বলে ৮০ রান করে ম্যাচের সেরা হন রবিন উথাপ্পা। ১১ তম ম্যাচে হায়দরাবাদকে ৭ উইকেটে হারায় কেকেআর। উমেশ যাদব সেই ম্যাচে ২৭ রানে ৩ উইকেট নিয়ে সেরা ক্রিকেটার হন। ১২তম ম্যাচে সিএসকে দলকে ৮ উইকেটে পরাজিত করে কেকেআর। সেই ম্যাচেও ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেন উথাপ্পা।
১৩তম ম্যাচে আরসিবিকে ৩০ রানে পরাজিত কেকেআর। ৫১ বলে ৮৩ রান করেছিলেন উথাপ্পা। ১৪তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৪ উইকেটে পরাজিত কেকেআর। ২২ বলে ৭২ রান করেন ইউসুফ পাঠান। প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জব কিংসকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে কেকেআর। এরপর মেগা ফাইনালেও পাঞ্জাব কিংসের মুখোমুখি হয় নাইট ব্রিগেড। ৩ উইকেটে জয় হাসিল করে চ্যাম্পিয়ন হয় কেকেআর। ফাইনালে ৫০ বলে ৯৪ রান করে ম্যাচের সেরা হন মণীষ পাণ্ডে।












Click it and Unblock the Notifications