IPL 2025: আইপিএলের আগে কলকাতা নাইট রাইডার্সের শিবির শুরু মুম্বইয়ে, অধিনায়ক নিয়ে বড় ইঙ্গিত
IPL 2025: আর ঠিক ১ মাস পর শুরু হয়ে যাবে আইপিএল। ২২ মার্চ ইডেনে উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।
তার আগে এখন মুম্বইয়ে চলছে নাইটদের শিবির। তাতেই মিলল অধিনায়ক নিয়ে বড় আভাস।

কলকাতা নাইট রাইডার্স পুরোদমে ইডেনে অনুশীলন শুরু করে দেবে ১২ মার্চ থেকে। ধাপে ধাপে যোগ দেবেন আন্তর্জাতিক ক্রিকেট তারকারাও। আপাতত ১ সপ্তাহের শিবির শুরু হয়েছে গতকাল থেকে। যাতে যোগ দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররাই।
তাও দলের সমস্ত ভারতীয় ক্রিকেটাররা এখনও যোগ দেননি। অজিঙ্ক রাহানে যেম রঞ্জি ট্রফির সেমিফাইনাল খেলছিলেন। কেকেআর এখনও অধিনায়কের নাম ঘোষণা করেনি। সূত্রের খবর অজিঙ্ক রাহানের সঙ্গে অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন বেঙ্কটেশ আইয়ার।
রাহানেকে বেস প্রাইস দেড় কোটি টাকায় কিনেছে কেকেআর। বেঙ্কটেশের জন্য আইপিএল নিলামে কেকেআর খরচ করেছে ২৩.৭৫ কোটি টাকা। বেঙ্কটেশ আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বাধিক দর পাওয়া ক্রিকেটার। তিনি প্রথম থেকেই রয়েছেন মুম্বইয়ে কেকেআরের শিবিরে।
কেকেআরের তরফে জানানো হয়েছে, ৯ জন ভারতীয় ক্রিকেটার শিবিরে যোগ দিয়েছেন। ২৮ ফেব্রুয়ারি অবধি শিবির চলবে। বেঙ্কটেশ ছাড়াও শিবিরে রয়েছেন রিঙ্কু সিং, রামনদীপ সিং, বৈভব অরোরা, অঙ্গকৃষ রঘুবংশী, ময়াঙ্ক মার্কণ্ডে, লবনিথ সিসোদিয়ার মতো প্লেয়াররা।
হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেছেন, প্রতি বছরের মতো এবারেও রুটিনমাফিক ঘরোয়া প্লেয়ারদের নিয়ে শিবির শুরু হয়েছে। কলকাতায় অনুশীলন শুরু ১২ মার্চ থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেই এসে যাবেন ভারতীয় দলে থাকা ক্রিকেটাররা, এমনকী বিদেশিরাও। তখনই পুরোদমে আসল প্রস্তুতি শুরু হবে। মুম্বইয়ের শিবির দলকে ছন্দে রাখতে সহায়ক হবে।
কোর গ্রুপ ধরে রাখার পর নিলাম থেকে যাঁদের নেওয়া হয়েছে সেই ক্রিকেটারদের উপস্থিতিতে কেকেআরের শক্তি নিয়ে আত্মবিশ্বাসী চন্দ্রকান্ত পণ্ডিত। গতবারের মতো এবারেও কেকেআরের কম্বিনেশন শক্তিশালী হবে বলেই দাবি তাঁর।
কেকেআরের স্পিন বোলিং কোচ কার্ল ক্রো বলেছেন, মুম্বইয়ের শিবিরে নেট প্র্যাকটিসে জোর দেওয়া হচ্ছে। ম্যাচ সিমুলেশন প্র্যাকটিসও চলবে। দলে পুরানোদের সঙ্গে নতুন মুখদের উপস্থিতিতে দল ফ্রেশ থেকেই আইপিএল খেতাব ধরে রাখার অভিযানে নামবে। মুম্বইয়ের শিবিরে রয়েছে বোলিং কোচ ভরত অরুণ, স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সাগর ভি, হেড ফিজিও প্রশান্ত পঞ্চদা।












Click it and Unblock the Notifications