IPL 2025: পারস্পরিক দ্বৈরথে পিছিয়ে পাঞ্জাব কিংস, কেকেআর চাইবে না ইডেনে গত বছরের ২৬ এপ্রিলের পুনরাবৃত্তি
IPL 2025: আইপিএলে কাল ইডেনে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি পাঞ্জাব কিংস। চলতি আইপিএলেই মুল্লানপুরে কেকেআরকে ১৬ রানে হারিয়েছে শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস।
শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কেকেআর গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। এবার সেই শ্রেয়সের দলের কাছেই ফের পরাস্ত হলে প্লে-অফের রাস্তা কঠিন হয়ে যাবে নাইটদের।

গুজরাত টাইটান্সের কাছে ইডেনে হেরে যাওয়ায় কেকেআর পয়েন্ট তালিকার সাতে রয়েছে। ৮ ম্যাচে কেকেআরের রয়েছে ৬ পয়েন্ট। নেট রান রেট ০.২১২। পাঞ্জাব কিংস ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচ নম্বরে। চতুর্থ দল হিসেবে তাদের সামনে ১২ পয়েন্টে পৌঁছে যাওয়ার হাতছানি রয়েছে।
আইপিএলে কলকাতা ও পাঞ্জাবের দ্বৈরথ আজ অবধি হয়েছে মোট ৩৪ বার। তার মধ্যে ২১টি ম্যাচে জিতেছে কেকেআর। ১৩টিতে জিতেছে পাঞ্জাব কিংস। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে অবশ্য পাঞ্জাব কিংসের দিকেই পাল্লা ভারী।
শেষ পাঁচটি দ্বৈরথের মধ্যে তিনটিতে জিতেছে পাঞ্জাব কিংস, দুটিতে জিতেছে কেকেআর। নাইটরা ২০২৩ সালের পর আর হারাতে পারেনি পাঞ্জাব কিংসকে। তার মধ্যে যেমন ইডেনে সর্বাধিক রান তাড়া করে গতবার জিতেছিল পাঞ্জাব কিংস, তেমনই এবারের আইপিএলে কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে জিতেছে পাঞ্জাব কিংস।
চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে ১৫ এপ্রিল মুল্লানপুরে পাঞ্জাব কিংসকে ১৫.৩ ওভারে ১১১ রানে থামিয়ে দিয়েছিল কেকেআর। হর্ষিত রানা তিনটি, বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন নেন ২টি করে উইকেট। জবাবে কেকেআর ৯৫ রানে গুটিয়ে যায় ১৫.১ ওভারেই। যুজবেন্দ্র চাহাল চারটি, মার্কো জানসেন তিন উইকেট নেন।
𝑲𝒏𝒊𝒈𝒉𝒕 𝑽𝒊𝒔𝒊𝒐𝒏 ft. Gurbaz in action 🎬 pic.twitter.com/qf02gMvXqA
— KolkataKnightRiders (@KKRiders) April 25, 2025
গত বছর ২৬ এপ্রিলই কেকেআরের বিরুদ্ধে ইডেনে খেলেছিল পাঞ্জাব কিংস। এবারেও একই দিনে দুই দলের দ্বৈরথ ক্রিকেটের নন্দনকাননে। গতবার ফিল সল্টের ৭৫ ও সুনীল নারিনের ৭১ রানে ভর করে কেকেআর ৬ উইকেটে ২৬১ তুলেছিল। জবাবে জনি বেয়ারস্টোর ৪৮ বলে অপরাজিত ১০৮ ও শশাঙ্ক সিংয়ের ২৮ বলে অপরাজিত ৬৮ রানে ভর করে ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছয় পাঞ্জাব কিংস।
২০২৩ সালে ইডেনেই কেকেআর বনাম পাঞ্জাব কিংস দ্বৈরথ হাড্ডাহাড্ডি হয়েছিল। পাঞ্জাব কিংস ৭ উইকেটে ১৭৯ রান তোলার পর কেকেআর শেষ বলে ৫ উইকেটে জেতে, আন্দ্রে রাসেল ২৩ বলে ৪২ করে ম্যাচের সেরা হন। রিঙ্কু সিং অপরাজিত ছিলেন ১০ বলে ২১ রানে।












Click it and Unblock the Notifications