IPL 2025: বিরাটকে প্রণাম করতে ইডেনে নিরাপত্তাবেষ্টনী ভাঙলেন ভক্ত! আরসিবির কাছে কেকেআর হারল কোন ফ্যাক্টরে?
IPL 2025: আইপিএলের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২২ বল বাকি থাকতে জয় ৭ উইকেটে।
বিরাট কোহলি দায়িত্বশীল অর্ধশতরান হাঁকিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন। কেকেআর ভালো শুরু করলেও প্রথম ম্যাচে হোঁচট এড়াতে পারল না। কাল বিকেলে গুয়াহাটি যাবে কেকেআর।

টস হেরে ব্যাট করতে বাধ্য হয়েছিল কেকেআর। প্রথম ওভারেই কুইন্টন ডি কককে আউট করেন জশ হ্যাজলউড। তা সত্ত্বেও পাওয়ারপ্লে-তে কেকেআর তোলে ৬ ওভারে ১ উইকেটে ৬০ রান। ১৭৫ রানের টার্গেট তাড়া করতে নামা আরসিবির ক্ষেত্রে যা বিনা উইকেটে ৮০।
ফলে দেখাই যাচ্ছে পাওয়ারপ্লে-তেই দুই দলের রানের ব্যবধান ২০। কেকেআর যেখানে প্রথম ৬ ওভারে ৮টি চার ও চারটি ছয় মেরেছে, আরসিবি সেখানে এই সময়কালে চার ও ছয় মেরেছে যথাক্রমে ১০টি ও ৪টি।
মাঝের ওভারগুলিতে অর্থাৎ ৭ থেকে ১৫ ওভারের মধ্যে কেকেআর ৮৫ রান তোলে, চার উইকেট খুইয়ে। এই সময় আসে ৮টি চার, তিনটি ছয়। আরসিবি ৭ থেকে ১৫ ওভারের মধ্যে রান তোলে ৭৭, ২ উইকেটের বিনিময়ে। আরসিবি এই ওভারগুলির মধ্যে মেরেছে ১০টি চার ও চারটি ছয়।
মাঝের ওভারগুলিতে এতগুলি উইকেট হারানোর ফলে কেকেআর শেষ পাঁচ ওভারে বড় রান তুলতে পারেনি। ১৬ থেকে ২০ ওভারে কেকেআর তোলে মাত্র ২৯ রান, তিন উইকেট হারিয়ে। সেখানে আরসিবি ডেথ ওভারে ১.২ ওভারে ১ উইকেট হারিয়ে ২০ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
বিগত দুই বছর ধরে ইডেনে দুশোর উপর রান ওঠা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সেখানে কেকেআরের হয়ে এদিন যখন সুনীল নারিন ও অজিঙ্ক রাহানে ব্যাট করছিলেন তখন ২১৮ রান উঠতে পারে বলে প্রোজেক্টেড স্কোর দেখানো হচ্ছিল।
কেকেআরের অধিনায়ক হিসেবে প্রথম পরাজয়ের মুখোমুখি হয়ে রাহানে বলেন, ১৩ ওভার পর্যন্তও ঠিকঠাক ছিল। কিন্তু ২-৩টি উইকেটই মোমেন্টাম বদলে দিল। ভুল থেকে শিক্ষা নিতে হবে। বেঙ্কটেশ আইয়ারকে নিয়ে যখন ব্যাট করছিলাম তখন মনে হয়েছিল ২১০ থেকে ২২০ রান তুললে লড়াই করা যাবে। কিন্তু তারপরই আমরা উইকেট হারালাম।
ডিউ ফ্যাক্টর ছিল বলে উল্লেখ করলেও আরসিবি যে ভালো ব্যাট করেছে তা মেনে নিয়েছেন রাহানে। পাওয়ারপ্লেতে দ্রুত কয়েকটি উইকেট তুলতে না পারার আক্ষেপ ধরা পড়েছে রাহানের বক্তব্যে। এই ম্যাচে হার নিয়ে খুব একটা উদ্বিগ্ন না হয়ে দলগতভাবে উন্নতি করার বার্তা দেন রাহানে। তবে তিনি পরেও উল্লেখ করেন, এই পিচে ১৭৪ রান যথেষ্ট ছিল না।
ক্রুণাল পাণ্ডিয়ার প্রথম বলেই ছক্কা মেরেছিলেন সুনীল নারিন। কেকেআরের সমস্যা বাড়ালেন সেই ক্রুণালই। তিনি রাহানে, আইয়ার ও রিঙ্কু সিংয়ের মূল্যবান উইকেট তুলে নিয়ে ধাক্কা দেন। হলেন ম্যাচের সেরাও।
এদিন কেকেআর হর্ষিত রানা থাকতেও কেন বৈভব অরোরাকে দিয়ে বোলিং শুরু করাল তা বোধগম্য হচ্ছে না। কাজে আসেনি স্পেনসার জনসনকে খেলানোর রণকৌশলও। বিরাট কোহলি যেখানে সাম্প্রতিককালে স্পিনারদের বিরুদ্ধে অস্বস্তি বোধ করছেন সেখানে সুনীল নারিনকে রাহানে আক্রমণে আনলেন অষ্টম ওভারে। মনে রাখতে হবে, বিরাট কিন্তু এর আগে চারবার নারিনের শিকার হয়েছেন। কিন্তু নারিনকে যখন আনা হলো তখন আরসিবি ৭ ওভারে ৮৬ রান তুলে ফেলেছে।
এদিকে, এদিন নিরাপত্তাবেষ্টনী ভেঙে ইডেনে মাঠের ভিতর ঢুকে পড়েন এক দর্শক। তিনি গিয়ে বিরাট কোহলিকে প্রণাম করেন। এমন ঘটনা ইডেনে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলে দিল।












Click it and Unblock the Notifications