IPL 2025: অতীতে আইপিএলে নেতৃত্ব দিয়েছেন দুটি দলকে, অধিনায়ক রাহানের পারফরম্যান্স কেমন?
আসন্ন মরশুমে কেকেআরের নতুন অধিনায়ক হলেন অজিঙ্ক রাহানে। বেঙ্কটেশ আইয়ারকে তাঁর সহকারী করা হয়েছে। সোমবার দুপুর ৩.৩৩ মিনিটে নয়া অধিনায়কের নাম ঘোষণা করা হয় কেকেআর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। অতীতে দুটি আইপিএল দলে নেতৃত্ব দিয়েছেন রাহানে। আইপিএলে ক্যাপ্টেন রাহানের পারফরম্যান্স কেমন, তুলে ধরা হল এই প্রতিবেদনে।
২০২২ সালে রাহানে কেকেআরের হয়ে সাতটি ম্যাচ খেলেছিলেন। ১৩৩ রান করেন। তবে এই প্রথমবার কেকেআরের অধিনায়ক হলেন। এর আগে দুটি ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব করেছেন রাহানে। রাজস্থান রয়্যালস এবং রাইজিং পুণে দলের অধিনায়কত্বের ভার সামলেছেন। আইপিএলে মোট ২৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রাহানে। এর মধ্যে মাত্র ৯ ম্যাচে দলকে জেতাতে পেরেছেন। হেরেছেন ১৬ ম্যাচে।

২০১৭ সালে আইপিএলে প্রথমবার নেতৃত্বদানের সুযোগ পান রাহানে, সেই মরশুমে পুণে দলের নিয়মিত অধিনায়ক স্মিথ অসুস্থ হয়ে পড়লে নেতৃত্বে ভার দেওয়া হয় রাহানেকে। সেই বার একটি ম্যাচে দলকে নেতৃত্ব দেন রাহানে। তবে ২০১৮ সালে তিনি রাজস্থান রয়্যালস দলের স্থায়ীভাবে নেতৃত্ব দেন। ২০১৮ সাল এবং ২০১৯ সালের রাজস্থান দলকে ২৪টি ম্যাচে নেতৃত্ব দেন।
২০২০-২১ সালে বর্ডার-গাভাসকর ট্রফিতে বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেন এবং ভারতকে জেতান এর পাশাপাশি মুম্বই দলের হয়ে রঞ্জি ট্রফি ও ইরানি কাপ জিতেছেন। এবার তাঁর সামনে কঠিন পরীক্ষা। চ্যাম্পিয়ন দলের অধিনায়কত্বের ভার নিচ্ছেন তিনি। রাহানে অবশ্য আশাবাদী কেকেআরকে দলকে সাফল্য এনে দেওয়ার বিষয়ে।












Click it and Unblock the Notifications