IPL 2025: অভিষেক ম্যাচের প্রথম বলেই উইকেট! অশ্বিনী কুমারের আগে এই নজির আছে কাদের?
নতুন বোলারদের দিয়ে চমক দিচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বল হাতে ৪ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন ভিগনেশ পুথুর। সোমবার কেকেআরের বিরুদ্ধে আরও এত নতুন অস্ত্রকে সামনে আনল মুম্বই শিবির। নাম অশ্বিনী কুমার।
পাঞ্জাবের এই বোলার বল হাতে চমকে দিলেন। অভিষেক ম্যাচে প্রথম বলেই উইকেট নিলেন অশ্বিনী। আইপিএলের ইতিহাসে অভিষেক ম্য়াচে প্রথম বলেই উইকেট নিয়েছেন কোন কোন বোলাররা? সেই তালিকাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

চতুর্থ ওভারের প্রথম বলে কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানেকে আউট করেন অশ্বিনী কুমার। আইপিএলে প্রথম বল করতে গিয়েই উইকেট নেওয়ার নিরিখে নজির সৃষ্টি করলেন অশ্বিনী। তৃতীয় মুম্বইয়ের বোলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন অশ্বিনী। প্রথম ভারতীয় বোলার হিসাবে অভিষেক ম্য়াচে চার উইকেট নেওয়ার নজির সৃষ্টি করলেন অশ্বিনী।
২০০৮ সালে প্রথম আইপিএলে অভিষেক ম্যাচের প্রথম বলেই উইকেট পান কেকেআরের ঈশান্ত শর্মা। আরসিবির রাহুল দ্রাবিড়কে আউট করেছিলেন ঈশান্ত। ২০০৮ সালেই কিংস ইলেভেন পাঞ্জাব দলের বোলার উইলকিন মোটা আইপিএলের প্রথম বলেই সিএসকের সুরেশ রায়নাকে আউট করেন। ২০০৯ সালে রাজস্থানের শেন হারউড দিল্লির বিরুদ্ধে আইপিএলের অভিষেক ম্যাচেই প্রথম বলেই উইকেট পান।
২০০৯ সালে রাজস্থানের বোলার অমিত সিং তাঁর আইপিএল কেরিয়ারের প্রথম বলেই পাঞ্জাব কিংসের সানি সোহালের উইকেট পান। ২০০৯ সালেই কেকেআরের প্রোটিয়া বোলার চার্লস ল্যাঙ্গভেল্ট রাজস্থানের বিরুদ্ধে প্রথম ম্যাচের প্রথম বলেই উইকেট পান। ২০১০ সালে মুম্বইয়ের আলি মোর্তাজা রাজস্থান রয়্যালসের নমন ওঝাকে আউট করে এই কৃতিত্ব অর্জন করেন।
২০১২ সালে দিল্লি ক্যাপিটালসের টিডি সুধীন্দ্র সিএসকে দলের ফাফ দু প্লেসিকে আউট করেন নিজের আইপিএল কেরিয়ারের প্রথম বলেই। ২০১৯ সালে মুম্বইয়ের আলজারি জোসেফ সানরাইজার্সের ডেভিড ওয়ার্নারকে আউট করেন অভিষেক ম্যাচের প্রথম বলেই।
২০২২ সালে আইপিএল অভিষেক রঙিন করে রাখেন পাথিরানা। সিএসকের হয়ে অভিষেক ম্যাচের প্রথম বলেই গুজরাতের শুভমান গিলকে আউট করেন। সোমবার এই তালিকায় যুক্ত হল মুম্বইয়ের অশ্বিনী কুমারের নাম।












Click it and Unblock the Notifications