IPL 2025: যশস্বীর আউটে নিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা, মাঠের বাইরে শ্বশুরের সঙ্গে পার্টনারশিপ রাহুলের!
আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়কত্ব না করলেও কেএল রাহুলই দলের মূল নিউক্লিয়াস। শুধু ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্সই করছেন না একইসঙ্গে রাহুলের ক্রিকেটীয় মস্তিস্কও দিল্লির জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে প্রতিপক্ষ দলের সেরা তারকা যশস্বী জয়সওয়ালকে আউট করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন রাহুল।
বুধবার শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন যশস্বী। ৫১ রানও করে ফেলেন। কিন্তু ১৪তম ওভারে কুলদীপ যাদবের বলে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে আউট হন যশস্বী। প্রতিপক্ষ দলের সেরা তারকাকে আউট করার ক্ষেত্রে রাহুলের অবদানও কম নয়। ১৪তম ওভারের দ্বিতীয় বল করার আগে কুলদীপকে উইকটের পিছন থেকে রাহুল পরামর্শ দেন সোজা লাইনে বল রাখার, একইসঙ্গে লং-অনে মিচেল স্টার্কের অবস্থানও দেখিয়ে দেন। এরপরই কুলদীপের বলেই স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ৩৭ বলে ৫১ রান করে আউট হলেন যশস্বী।

দিল্লি দলের অধিনায়কত্ব করছেন অক্ষর প্যাটেল। কিন্তু রাহুলের মতো অভিজ্ঞ ক্রিকেটার মাঠে থাকা সব সময়ই একটা অতিরিক্ত সুবিধা দেয়। খাতায় কলমে অধিনায়ক না হলেও মাঠে দল পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন রাহুল। রাহুলের এই ভিডিও ভাইরাল হয়েছে।
মাঠে যেমন ভালো পারফরম্যান্স করছেন তেমনই মাঠের বাইরে একের এক ভালো খরব রাহুলের জন্য। গত মাসেই বাবা হয়েছেন রাহুল। এবার শ্বশুর সুনীল শেট্টির সঙ্গে যৌথভাবে সম্পত্তিও কিনলেন রাহুল। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, রাহুল এবং সুনীল শেট্টি পশ্চিম থানেতে ৭ একর জমি কিনেছেন ৯.৮৫ কোটি টাকায়। মার্চ মাসের শেষের দিকেই এই নতুন সম্পত্তি ক্রয় করেছেন শ্বশুর-জামাই।
পূর্ব ও পশ্চিম এক্সপ্রেস হাইওয়ের পাশে এই জমি রয়েছে। এই জমিটি্ এমন একটি জায়গায় অবস্থিত যেখানে মুম্বই ও থানের ব্যবসায়িক কেন্দ্রগুলি চমৎকারভাবে সম্পৃক্ত। কী কারণে এই জমি কিনেছেন সুনীল এবং রাহুল তা জানা যায়নি। তবে নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন বলেই মনে করা হচ্ছে। কারণ জায়গাটি ব্যবসায়িক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়াকে বিবাহ করেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। রাহুল এবং আথিয়ার পথচলা শুরু হয়েছিল ২০১৯ সাল থেকে। সদ্য তাদের পরিবারে একজন নতুন সদস্য এসেছে। মাঠ এবং মাঠের বাইরে সময়টা ভালোই যাচ্ছে রাহুলের।












Click it and Unblock the Notifications