IPL 2025: আরসিবিকে হারিয়ে রাহুলের সেলিব্রেশন ভাইরাল, অনুকরণ কোন কন্নড় ছবিকে?
IPL 2025: লোকেশ রাহুলকে চেয়েছিলেন আরসিবি ভক্তরা। যদিও আইপিএল নিলামে রাহুলকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
কর্ণাটকের ক্রিকেটার সেই রাহুলই নায়ক বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসকে জেতানোর ক্ষেত্রে। ম্যাচ শেষ হতে রাহুলের সেলিব্রেশনের ধরন ভাইরালও হয়ে যায়।

রাহুল যে আবেগপ্রবণ হয়ে জয় সেলিব্রেট করেন তার ধরন অনেকের কাছেই মনে হয়েছে কেএলের স্বভাববিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় জল্পনা চলতে থাকে এই সেলিব্রেশনের ভঙ্গিমা নিয়ে। কেউ এমনটাও লেখেন, লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে উদ্দেশ করে নাকি এমন সেলিব্রেশন।
দিল্লি ক্যাপিটালসের সামনে জয়ের টার্গেট ছিল ১৬৪। রাহুল ব্যাট করতে নামেন চার নম্বরে। ৫৩ বলে ৯৩ রান করে অপরাজিত থাকলেন। সাতটি চার ও ৬টি ছয় হাঁকিয়েছেন। চলতি আইপিএলে রাহুলের রান যথাক্রমে ১৫, ৭৭ ও অপরাজিত ৯৩। সন্তানের জন্মের সময় স্ত্রী আথিয়া শেট্টির পাশে থাকতে প্রথম ম্যাচে খেলেননি রাহুল।
রাহুল ম্যাচের সেরার পুরস্কার নিয়ে জানান, ২০ ওভার উইকেটকিপিং করায় পিচের চরিত্র সম্পর্কে আঁচ করতে সুবিধা হয়েছিল। কোথায় কখন কী ধরনের শট মারতে হবে সেই পরিকল্পনা করাও সহজ হয়ে যায়। ক্যাচ পড়ায় যে ভাগ্যের সহায়তা পেয়েছিলেন সে কথাও উল্লেখ করে নিজের ইনিংস নিয়ে সন্তোষ প্রকাশ করেন রাহুল।
রাহুল আরও বলেন, এটা আমার মাঠ, আমার শহর। এই মাঠ সম্পকে খুঁটিনাটি বাকিদের থেকে ভালো জানি। প্র্যাকটিসের সময়েও বিভিন্ন ধরনের উইকেটে অনুশীলন করি। সেটা কাজে দিয়েছে। এমন ধরনের অনুশীলনের পরও কখনও কখনও আউট হয়েছি। কিন্তু সামগ্রিকভাবে কখন সিঙ্গলস নেব, কখন বড় শট খেলব সেটা ঠিক করার ক্ষেত্রেও এই ধরনের অনুশীলন কার্যকরী হয়।
The way he says 'This is mine' 🥹 pic.twitter.com/DKnWv2HcmN
— Delhi Capitals (@DelhiCapitals) April 11, 2025
ম্যাচ শেষ হতেই দেখা যায় রাহুল ব্যাট দিয়ে গোলাকার দাগ কাটছেন। তারপর তরবারি গেঁথে দেওয়ার মতো মাঠেই ব্যাট সোজাভাবে দাঁড় করানোর চেষ্টা করছেন। এই সেলিব্রেশনকে দিস ইজ মাইন সেলিব্রেশন বলা হচ্ছে। রাহুল জানান, কান্তারা ছবি থেকেই এই ধরনের সেলিব্রেশনের কথা তাঁর মাথায় আসে।












Click it and Unblock the Notifications