IPL 2025: লখনউয়ের রাহুল আইপিএল নিলামেই ভাগ্য পরীক্ষা করাতে পারেন, জুরেলকে ধরে রাখতে মরিয়া রাজস্থান
IPL 2025: আইপিএলে কোন দল কাদের ধরে রাখবে তা জানাতে হবে ৩১ অক্টোবরের মধ্যে। ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ যেমন চলছে, তেমনই আইপিএলের ১০ দল তৈরি করছে রণকৌশল।
আইপিএল নিলামে রাইট টু ম্যাচ কার্ড থাকায় অনেক তারকাই নিলামে ভাগ্য পরীক্ষা করাতে চাইছেন বলে খবর। একটি সংবাদসংস্থার দাবি, সেই তালিকায় নাম রয়েছে লোকেশ রাহুল ও ধ্রুব জুরেলের।

লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুলকে নিয়ে চর্চা চলছে অনেকদিন ধরেই। এলএসজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা রাহুলকে জনসমক্ষে বকাঝকা করার পরই অনেকে পরামর্শ দিয়েছিলেন রাহুলের লখনউ ছাড়া উচিত। আরসিবিতে তাঁকে খেলানোর দাবিও উঠছে।
কলকাতায় এসে গোয়েঙ্কার সঙ্গে বৈঠকও করে যান রাহুল। তবে লখনউয়ে তাঁর থাকার কথা কেউ জোরালোভাবে বলেননি। রাহুল লখনউ সুপার জায়ান্টসে যোগ দেন ২০২২ সালের আইপিএলের আগে। ৩৮ ম্যাচে ১৪১০ রান করেছেন। সেই রাহুলই রিটেনশন এড়িয়ে নিলামে যেতে চাইছেন।
সংবাদসংস্থাটির সূত্র উল্লেখ করে দাবি, লখনউ সুপার জায়ান্টস রাহুলকে রাখতে চাইছে না। ফলে মেগা নিলামেই ভাগ্য পরীক্ষা হবে রাহুলের। কাদের কত দরে রাখা যায় এ সব নিয়ে নানাবিধ আলোচনা চলছে। এই আবহে রাহুলকে মেগা নিলামে দেখলে অবাক হওয়ার কিছু নেই।
রাহুল ইতিমধ্যেই সানরাইজার্স হায়দরাবাদ, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন। অনেকে তাঁকে ফের দেখতে চাইছেন আরসিবিতেই। তিনি একাধারে উইকেটকিপার-ব্যাটার। আইপিএলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে।
ধ্রুব জুরেলও নাকি নিলামেই ভাগ্য পরীক্ষা করাতে চাইছেন। বুঝে নিতে চাইছেন বাজার দর। আজ বেঙ্গালুরু টেস্টে ঋষভ পন্থ চোট পেয়ে মাঠ ছাড়ার পর জুরেল ভালোই উইকেটকিপিং করেছেন। চলতি বছরেই তাঁর টেস্ট ও টি২০ আন্তর্জাতিক অভিষেক হয়েছে।
ফিনিশিংয়ে দক্ষ জুরেল ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেও নজর কেড়েছেন আইপিএলে। যদিও জুরেলকে ধরে রাখতে মরিয়া রাজস্থান রয়্যালস। বেঙ্গালুরুতে রাজস্থান রয়্যালসের এক কর্তাকে দেখা গিয়েছে। সম্ভবত তিনি জুরেলের সম্মতি আদায় করতেই গিয়েছেন বলে মনে করা হচ্ছে। আগের নিলামে ঈশান কিষাণ, কুমার কুশাগ্র, রবিন মিঞ্জদের দর উঠেছিল ভালোই। এবার রাহুল ও জুরেলকে নিয়ে নিলাম বা রিটেনশনে চমক থাকবে বলেই খবর।












Click it and Unblock the Notifications