IPL 2025: হাত মেলালেও গোয়েঙ্কাদের পাত্তা দিলেন না রাহুল, লখনউয়ের বিরুদ্ধে দিল্লির জেতার পরের ভিডিও ভাইরাল
IPL 2025: লখনউ সুপার জায়ান্টসকে ১৩ বল বাকি থাকতে ৮ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে দিল্লি ক্যাপিটালস। ঘরের মাঠে হেরে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে লখনউ।
গতকাল খেলার পরই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লেন লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব ও তাঁর পুত্র শাশ্বত গোয়েঙ্কা। তাঁদের কার্যত পাত্তাই দিলেন না লোকেশ রাহুল।

লোকেশ রাহুল লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দিয়েছেন গত বছর পর্যন্ত। তবে ভাইরাল হয়েছিল টিভি ক্যামেরার সামনে রাহুলকে মাঠে দাঁড়িয়ে সঞ্জীবের ভর্ৎসনার কথা। সানরাইজার্স হায়দরাবাদের কাছে বড় পরাজয়ের পর। তখন থেকেই রাহুলের ভক্তরা চাইছিলেন, অবিলম্বে লখনউ ছেড়ে দিন রাহুল।
বিশেষজ্ঞরাও বলেন, এভাবে ক্রিকেটারদের অপমান করা একজন মালিকের পক্ষে সমীচীন নয়। কিছু বলার থাকলে তিনি ড্রেসিংরুমে গিয়ে বলতে পারতেন। কিন্তু যেভাবে মাঠে দাঁড়িয়ে গোয়েঙ্কা রাহুলের সঙ্গে কথা বলছিলেন, সমস্ত টিভি ক্যামেরার ফোকাসে থেকে, তা মোটেই বাঞ্ছনীয় নয়।
এরপর রাহুলের সঙ্গে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চালান সঞ্জীব গোয়েঙ্কা। গত বছর মেগা নিলামের আগে দুজনের কথাও হয়। তারপর দেখা যায় রাহুলকে ধরে রাখেনি লখনউ। জানা যায়, রাহুল নিজেই লখনউয়ে থাকতে চাননি। এরপর নিলাম থেকে রাহুলকে তুলে নেয় দিল্লি ক্যাপিটালস।
লোকেশ রাহুলকে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক করেনি ঠিকই, কিন্তু তিনি ব্যাট হাতে রয়েছেন দারুণ ছন্দে। চলতি আইপিএলে রাহুল দিল্লি ক্যাপিটালসের সর্বাধিক রান সংগ্রহকারী। ৭ ম্যাচে ৩২৩ রান করে তিনি রয়েছেন অরেঞ্জ ক্যাপের তালিকায় সাতে। স্ট্রাইক রেট ১৫৩.৮০।
Sanjiv Goenka tried to interact with KL Rahul but he quickly went away from him. 🙅♂️😮#LSGvsDC | #KLRahulpic.twitter.com/L1PeKiKKZW
— Indian Cricket Team (@incricketteam) April 22, 2025
গতকাল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে লখনউয়েই খেলল দিল্লি ক্যাপিটালস। যেটি ২০২২ থেকে ২০২৪ অবধি ছিল রাহুলের কাছে হোম গ্রাউন্ড। চেনা পরিবেশে তিনি দিল্লিকে ৮ উইকেটে জিতিয়েই মাঠ ছাড়লেন।
খেলা শেষ হতেই ক্যামেরার ফোকাস ছিল রাহুল এবং সঞ্জীব ও শাশ্বত গোয়েঙ্কার দিকে। দেখা যায়, তাঁদের সঙ্গে হাত মেলান রাহুল। সেই সময় প্রথমে সঞ্জীব ও পরে শাশ্বত গোয়েঙ্কা রাহুলের সঙ্গে কথা বলতে চাইছিলেন। যদিও তাঁদের সেভাবে পাত্তা না দিয়েই চলে যান আইপিএলে দ্রুততম ৫ হাজার রানের রেকর্ড গড়া রাহুল। যা দেখে হনুমা বিহারী লিখেছেন, কোল্ড হ্যান্ড-শেক।
ম্যাচের পর লখনউ সুপার জায়ান্টসকে খোঁচাও দিয়েছেন রাহুল। তিনি এক্স হ্যান্ডলে নিজের ব্যাটিংয়ের ছবি পোস্ট করে লিখেছেন, সব সময়ই লখনউয়ে ফিরলে ভালো লাগে। ২৭ কোটি টাকার ঋষভ পন্থকে অধিনায়ক করেছে লখনউ সুপার জায়ান্টস। পন্থের ব্যর্থতার দিনে প্রেস্টিজ ফাইটে বাজিমাত রাহুলের।












Click it and Unblock the Notifications