IPL 2025: বিরাট ম্যাচ দিয়েই ২২ মার্চ শুরু আইপিএল, ইডেনে কেকেআরের সামনে আরসিবি
IPL 2025: আইপিএল ২১ মার্চ নয়। শুরু হবে ২২ মার্চ থেকে। ইডেনে উদ্বোধনী ম্যাচেই নামবেন বিরাট কোহলি। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের সামনে শুরুতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
কেকেআর এখনও অধিনায়কের নাম ঘোষণা করেনি। আজ আরসিবি অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে রজত পাটীদারকে।

অষ্টাদশ আইপিএল ২১ মার্চ থেকে শুরুর কথা জানিয়েছিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমল। যদিও ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, একদিন পিছিয়ে আইপিএল শুরু করা হবে। এখনও বিসিসিআইয়ের তরফে আইপিএলের ক্রীড়াসূচি প্রকাশ করা হয়নি।
খুব শীঘ্রই সূচি প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে। সূচি প্রকাশ করে দেওয়া হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই। ২১ মার্চ শুক্রবার, ২২ মার্চ শনিবার। ফলে শনিবার থেকেই আইপিএল শুরু হচ্ছে। সূত্রের খবর, সম্প্রচারকারী সংস্থাই শনিবার থেকে আইপিএল শুরুর পরামর্শ দিয়েছে। তা মেনে নিচ্ছে বোর্ড।
আইপিএলে কেকেআর গতবার চ্যাম্পিয়ন হয়েছিল। ফলে নিয়ম মেনেই এবার আইপিএলের উদ্বোধন, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল হবে ইডেনে। জানা যাচ্ছে, গতবারের রানার-আপ সানরাইজার্স হায়দরাবাদ এবারের আইপিএল অভিযান শুরু করবে হোম ম্যাচ দিয়েই।
মার্চের ২৩ তারিখ হায়দরাবাদের উপ্পলে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। রবিবারের এই ম্যাচটি শুরু হবে বিকেলে। বিসিসিআইয়ের তরফে ইতিমধ্যেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছে তাদের প্রথম ম্যাচের দিনক্ষণ। ইডেনে ২৫ মে, রবিবার হবে আইপিএলের ফাইনাল।
দিন দুয়েকের মধ্যেই আইপিএলের সূচি ঘোষণার সম্ভাবনা। গত ১২ জানুয়ারি বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা হয়েছিল মুম্বইয়ে। সেদিন বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা জানান, ২৩ মার্চ আইপিএল শুরুর কথা। পরে ধুমল জানিয়েছিলেন ২১ মার্চের কথা।
আইপিএলের ১০টি দলের শহরগুলিতেই হবে আইপিএলের ম্যাচ। সেই সঙ্গে গুয়াহাটি ও ধরমশালায় হবে আইপিএলের ম্য়াচ। রাজস্থান রয়্যালসের হোম ম্যাচ ধরা হবে গুয়াহাটির খেলাগুলিকে। মার্চের ২৬ থেকে ৩০ তারিখ অবধি সেখানে খেলবে রাজস্থান রয়্যালস।
গুয়াহাটিতে দুটি ম্যাচে রাজস্থান রয়্যালসের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। ধরমশালায় গত বছর পাঞ্জাব কিংস হোম ম্যাচ খেলেছিল। এবার তিনটি ম্যাচ হবে ধরমশালায়। কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর হবে হায়দরাবাদে।












Click it and Unblock the Notifications