IPL 2025, KKR vs LSG: রামনবমীর জন্য দিন বদল আইপিএল ম্যাচের, কলকাতা বনাম লখনউ দ্বৈরথ কবে হবে ইডেনে?
IPL 2025, KKR vs LSG: ওয়ানইন্ডিয়া বাংলাতেই জানানো হয়েছিল, রাজনৈতিক কারণে কলকাতা থেকে সরবে না কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ। সেটাই হলো।
তবে রামনবমীর দিন ইডেনে কলকাতা-লখনউ দ্বৈরথ হবে না। বিকেলের এই ম্যাচটি সরানো হবে না গুয়াহাটিতেও। তবে ম্যাচটি পিছিয়ে গেল ২ দিন।

আজ বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে দিলেন, চলতি আইপিএলের কলকাতা-লখনউ দ্বৈরথ, যেটি এবারের টুর্নামেন্টের ১৯তম ম্যাচ, সেটি রবিবার, ৬ এপ্রিল হবে না। কলকাতা পুলিশের অনুরোধকে মান্যতা দিয়েই এই সিদ্ধান্ত।
বিসিসিআইয়ের বিবৃতিতে রামনবমীর উল্লেখ না থাকলেও উৎসবের উল্লেখ রয়েছে। উল্লেখ্য, প্রথম থেকেই ইডেনে রামনবমীর দিন ম্যাচ আয়োজন নিয়ে আপত্তি জানিয়ে আসছিল কলকাতা পুলিশ। সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতেই উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন নগরপাল মনোজ ভার্মা।
পুলিশের আপত্তিতে ম্যাচটি গুয়াহাটিতে সরানোর তোড়জোড় শুরু হয়। এই পরিস্থিতিতে বিজেপি সরব হয় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। বিজেপি নেতৃত্ব প্রশ্ন তোলে, রামনবমী তো দেশের নানা রাজ্যের মতো অসমেও হয়। তাহলে অসম ম্যাচ আয়োজন করতে পারলে, কেন পারবে না কলকাতা পুলিশ?
On the Flight, with the Knights 🎤🗣️ pic.twitter.com/HpGq3W72bm
— KolkataKnightRiders (@KKRiders) March 28, 2025
রাজনৈতিক মহলের খবর, এই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু হয় শাসক দলের অন্দরেও। ম্যাচ রাজ্য থেকে সরে গেলে তা বিজেপির কাছে ফুলটস বল হয়ে যাবে। সেক্ষেত্রে বিজেপি-শাসিত অসমে যদি ম্যাচ সরে তা এ রাজ্যের সরকারের পক্ষে অস্বস্তি তৈরি করতে পারতো।
সিএবি ও কলকাতা পুলিশের মধ্যে দফায় দফায় বৈঠক হয়। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছিলেন, প্রয়োজনে কথা বলা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। জানা গিয়েছে, যাতে ম্যাচ না সরে সেজন্য বিকল্প ভাবনাচিন্তা শুরু করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
তবে বিসিসিআইকেও কলকাতা পুলিশ জানিয়েছিল, ৬ তারিখ ম্যাচ হলে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান সম্ভব নয়। এই পরিস্থিতিতে শেষ অবধি ম্যাচ ইডেন থেকে সরল না। তবে রামনবমীর বিকেলে ইডেনে খেলাও হবে না।
রবিবারের বদলে, মঙ্গলবার ৮ এপ্রিল ইডেনেই হবে কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ। বিকেল সাড়ে তিনটে থেকেই হবে। ফলে রবিবার ডাবল হেডার হবে না। ওইদিন শুধু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত টাইটান্স ম্যাচই হবে। সেই খেলাটি হবে হায়দরাবাদে।
৮ এপ্রিল হয়ে দাঁড়াল ডাবল হেডার। কলকাতা-লখনউ ম্যাচ বিকেলে ইডেনে। এরপর সন্ধ্যায় নিউ চণ্ডীগড় বা মুল্লানপুরে শুরু হবে পাঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ। রামনবমীর দিন ইডেনে ম্যাচ না হওয়া নিয়ে রাজনৈতিক মহলে বিজেপি বা বিরোধী দলগুলি ঝড় তোলে কিনা সেদিকে এখন সকলের নজর।












Click it and Unblock the Notifications