IPL 2025: শ্রেয়স, রাসেল ও স্টার্ককে বিদায় জানাচ্ছে কেকেআর? কাদের ধরে রাখছে আইপিএল চ্যাম্পিয়নরা?
IPL 2025: আইপিএল রিটেনশন তালিকা বিসিসিআইয়ের কাছে জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে কাল বিকেল ৫টায়। তারপরই জানা যাবে, কোন দল কাদের ধরে রাখল।
কলকাতা নাইট রাইডার্স আইপিএলে চলতি বছর চ্যাম্পিয়ন হয়েছে। তবে খেতাব দখলে রাখার চ্যালেঞ্জ নিয়ে নামার আগে তিন মহাতারকাকে বিদায় জানাতে চলেছে কেকেআর। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে তেমনই দাবি করা হয়েছে।

কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ার যে বিপুল দর হেঁকেছেন তাতে হ্যাঁ বলতে পারেনি কেকেআর। ফলে কেকেআরের প্রতিনিধির সঙ্গে শ্রেয়সের বৈঠক নিষ্ফলা হয়ে গিয়েছে। শ্রেয়স আইপিএল নিলামে নিজের ভাগ্য পরীক্ষা করাবেন। তাঁর জন্য রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতেও পারে কেকেআর।
চলতি বছর আইপিএলের আগে হওয়া মিনি অকশন থেকে ২৪.৭৫ কোটি টাকায় মিচেল স্টার্ককে নিয়েছিল কেকেআর। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দর পাওয়া স্টার্ক বেশিরভাগ ম্যাচেই হতাশ করেছেন। তবে কোয়ালিফায়ার ১ ও ফাইনালে যথাক্রমে তিনটি ও ২টি উইকেট নেন। স্টার্ককেও আর ধরে রাখছে না কেকেআর।
২০১৪ সাল থেকে ২০২৪ অবধি কেকেআরে খেলেছেন আন্দ্রে রাসেল। গত আইপিএলে তিনি ১৮৫ স্ট্রাইক রেটে ২২২ রান করার পাশাপাশি ১৪ ইনিংসে ১৯ উইকেট পেয়েছেন। যদিও রাসেলের নামও এবার রিটেনশন লিস্টে থাকছে না বলেই খবর। শ্রেয়সকে ১২.১৫ কোটিতে কেনার পাশাপাশি রাসেলকে ১২ কোটি টাকায় আগেরবার রেখেছিল কেকেআর।
কলকাতা নাইট রাইডার্সে যাঁদের থাকা নিশ্চিত বলে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তাঁরা হলেন- সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা। সেই সঙ্গে আনক্যাপড রামনদীপ সিংকে রাখার কথাও ভাবা হচ্ছে। যদি ১ জন আনক্যাপড-সহ চার ক্রিকেটারকে ধরে রাখা হয় তাহলে নাইটদের খরচ হবে ৪৭ কোটি টাকা।
আর যদি দুই আনক্যাপড ও তিন ক্যাপড ক্রিকেটার রাখা হয় তাহলে খরচ হবে ৫১ কোটি টাকা। সেক্ষেত্রে নিলামে ভালো পরিমাণ অর্থ নিয়েই যেতে পারবে কেকেআর। ৫ ক্রিকেটার রাখলে ১টি ও ৪ ক্রিকেটার ধরে রাখলে নিলানে ২টি রাইট টু ম্যাচ কার্ডও ব্যবহার করতে পারবে নাইটরা। তবে শ্রেয়স চলে গেলে কেকেআরকে নতুন অধিনায়ক ঠিক করতে হবে।
যাঁদের ধরে রাখা হচ্ছে তাঁদের কেউ অধিনায়ক হবেন না বলেই খবর। ২০২২ সালে নারিনকে কেকেআর ধরে রেখেছিল ৬ কোটি টাকায়। এবার তাঁর দর বাড়ছে। বরুণ চক্রবর্তী কেকেআর আগে রেখে দিয়েছিল ৮ কোটি টাকায়। তিনিও এবার বেশি দর পেতে চলেছেন। রিঙ্কু সিং, হর্ষিত রানার দরও বাড়ছে। ডার্ক হর্স রামনদীপ সিং।












Click it and Unblock the Notifications