IPL 2025: উপভোগ করেন রোহিত-বিরাটের বিরুদ্ধে বোলিং, শাহরুখ-রাহানেকে নিয়ে কী বললেন সুনীল নারিন?
শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম দিনেই আরসিবির বিরুদ্ধে নামছে কেকেআর। এবারও কেকেআর দলের স্পিন ইউনিটের প্রধান ভরসা সুনীল নারিন। বুধবার একটি বেসরকারি সংস্থার ইভেন্টে যোগ দেন ক্যারিবিয়ান স্পিনার।সেখানেই বিরাট-রোহিতের বিরুদ্ধে বল করা থেকে নতুন অধিনায়ক রাহানে, একাধিক বিষয় নিয়ে মনের কথা অকপটে জানালেন নারিন।
২০১২ সাল থেকেই আইপিএলে রহস্য স্পিনার পরিচিত সুনীল নারিন। কিন্তু বিগত কয়েক মরশুমে নিজেকে ব্যাটার হিসাবেও প্রতিষ্ঠা করেছেন। এমনকি নাইট রাইডার্স দলে ওপেনার হিসাবেও টিম ম্যানেজমেন্টকে ভরসা দিচ্ছেন। তবে বোলিংই যে তাঁর প্রথম পছন্দ তা জানাতে ভুল করলেন নারিন। তাঁর কথায়, আমার কাছে বোলিংই প্রথম পছন্দ। কিন্তু টি২০ ক্রিকেটে ব্যাটিংও সমান গুরুত্বপূর্ণ। ফলে ব্যাটিংয়েও আমি সমানভাবে মনোনিবেশ করি। দল যেখানে বলবে সেখানেই ব্যাট করতে প্রস্তুত। তবে বোলিং করতেই আমার বেশি ভালো লাগে।

এবার আইপিএলে নাইটদের নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে। নারিন দীর্ঘদিন কেকেআরে খেললেও তাঁকে কখনও অধিনায়ক করা হয়নি। তবে রাহানেকে অধিনায়ক করা নিজের প্রতিক্রিয়া দিলেও কোনও রকম বিতর্কের সৃষ্টি করলেন না নারিন। তাঁর কথায়, এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তারা মনে করেছে রাহানে অভিজ্ঞ এবং এর আগে কয়েকটি দলে নেতৃত্ব দিয়েছেন ফলে তাঁকেই অধিনায়ক করেছে ম্যানেজমেন্ট।
গত মরশুমে চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। ফলে এবারও তাদের নিয়ে থাকবে বিপুল প্রত্যাশা। ফের একবার ট্রফিতেই ফোকাস করছেন নারিন। তাঁর কথায়, অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এবারও খেলবে। তার আগে গুরুত্বপূর্ণ প্লে-অফে স্থান নিশ্চিত করা। প্রত্যেক দলই কঠিন প্রতিপক্ষ।
আইপিএলে রোহিতকে আটবার এবং বিরাটকে চারবার আউট করেছেন সুনীল নারিন। বিরাট এবং রোহিতের মধ্যে কে তাঁর বলের স্পিনের রহস্য বুঝতে বেশি সক্ষম?, এই প্রশ্নের উত্তরে নারিন বলেন, এটা গোটাটাই নির্ভর করছে ম্যাচের দিনের পরিস্থিতির উপর। কোনও দিন তাঁরা ভালো খেলেছেন আবার কোনও দিন আমি তাদের আউট করতে সক্ষম হয়েছি। তবে দুই জনেই ভালো ব্যাটার। তাঁদের বিরুদ্ধে খেলাটা উপভোগ করেছি।
কেকেআরের হয়ে তিনটি আইপিএল খেতাব জিতেছেন। ২০১২, ২০১৪ এবং ২০২৪ তিনটি আইপিএল জয়ী দলের সদস্য নারিন। এরমধ্যে ২০১২ সালের আইপিএল খেতাবকেই এগিয়ে রাখছেন নারিন। তাঁর কথায়, ২০১২ সালে আমি প্রথমবার আইপিএল খেতাব জিতেছিলাম। সেটাকে ১ নম্বরে রাখব। আমি প্রথম বার আইপিএল খেলেছিলাম। সেটা খুবই স্পেশ্যাল হয়ে আছে।
দলের কর্ণধার শাহরুখ খানকে নিয়ে নারিন বলেন, তিনি খুবই সরল মানুষ, সবার সঙ্গেই সমানভাবে মিশে যান এবং কথা বলেন। আমাদের খেলায় অনেক স্বাধীনতা দেন। আমার মতে কর্ণধারদের মধ্যে তিনিই সেরা। আইপিএল খেলায় তিনি যে অনেক বেশি পরিচিতি পেয়েছেন সেটা জানাতেও ভুল করলেন না নারিন। একইসঙ্গে গম্ভীরকে যে এবার মিস করবেন সেটাও জানাতে ভুল করলেন না নারিন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারিনের ভক্ত অজয় কাপূর। তাঁকে অবিকল নারিনের মতোই দেখতে। সাজ-স্টাইলও নারিনকেই অনুকরণ করে করেন অজয়। ভক্তকে কাছে ডেকে নেন নারিন।












Click it and Unblock the Notifications